বাঁশখালীর শেখেরখীলে মাছঘাট সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ১৪টি ট্রলিং জাল জব্দ এবং ৩৭ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল রোববার ভোরে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পরে বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখেরখীল মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। এরপর বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৪টি ট্রলিং জাল উদ্ধার করা হয় এবং সেখানে থাকা ৩৭ জন জেলেকে আটক করা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ট্রলিং বোট, জাল এবং আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ আহরণ প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।












