গ্রাম পুলিশের বেতন ও ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

| রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:২৪ পূর্বাহ্ণ

গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান বলেছেন, গ্রাম পুলিশ প্রধানের বেতন ৩ হাজার টাকা বাড়িয়ে ১১ হাজার এবং গ্রাম পুলিশ সদস্যের বেতন সমপরিমাণ বাড়িয়ে সাড়ে ১০ হাজার টাকা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে তারেক রহমান এ ঘোষণা দেন। খবর বিডিনিউজের।

গ্রাম পুলিশ ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশ সদস্যের এককালীন আনুতোষিক ভাতা ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের এ ভাতা ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করার কথা বলেছেন তিনি। গ্রাম পুলিশ প্রধানের যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। একই সঙ্গে এখন থেকে গ্রাম পুলিশকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল ফোন ভাতা দেওয়ার কথাও বলেছেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা–উপজেলা থেকে প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ অংশ নিয়েছেন। আট বিভাগ থেকে শ্রেষ্ঠ আট জন গ্রাম পুলিশের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দরে ৮ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ