বিমানবন্দরে ৮ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম জব্দ করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই–চট্টগ্রামগামী (বিজি–১৪৮) ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ক্রিমগুলো পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি নীতি আদেশের বিধানের লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দেশে প্রবেশ ও বাজারে ছড়িয়ে পড়া প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি অব্যাহত রয়েছে। ঝুঁকিপূর্ণ ফেস ক্রিমসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের অবৈধ আমদানি প্রতিরোধে বিমানবন্দরের সংশ্লিষ্ট সংস্থাগুলো সজাগ রয়েছে বলেও বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে যাচ্ছিল ১৫ টন সার, মীরসরাইয়ে জব্দ