প্রিয় রাসূল (দ.) বলেছেন, প্রত্যেক মুসলমান নর–নারীর জন্য জ্ঞানার্জন করা ফরজ। দ্বীনি শিক্ষার প্রচার–প্রসারে খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) ঐতিহাসিক কিংবদন্তির ভূমিকা পালন করেছেন। একদিকে আধ্যাত্মিক শিক্ষার প্রসার করেছেন অন্যদিকে দ্বীনি শিক্ষার প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। হযরত গাউছুল আজম (রা.) নিজে যেমন মাদরাসার ভালোবাসা ধারণ করেছেন তেমনি স্বীয় অনুসারীদেরকেও মাদরাসাকে ভালোবাসার অসিয়ত করে গেছেন। হযরত গাউছুল আজম (রা.) এঁর ভালোবাসার এ আমানত বর্তমানে উনার একমাত্র খলিফা মাদরাসার অধ্যক্ষ মহোদয়ের নিকট অর্পণ করেছেন। বর্তমান অধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এ মাদরাসা প্রতি বছর ঈর্ষণীয় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। মূল ক্যাম্পাসের পাশাপাশি চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসেও সে ধারাবাহিকতা অক্ষুণ্ন রয়েছে। এছাড়াও নয়নাভিরাম মাদরাসা ক্যাম্পাস, দৃষ্টিনন্দন একাডেমিক ভবন, বিজ্ঞানমনস্ক চিন্তাচেতনার বিকাশের লক্ষ্যে আধুনিক কম্পিউটার ল্যাব, সুবিশাল খেলার মাঠ, অমূল্য সব কিতাব দিয়ে গড়ে তোলা সুবৃহৎ গ্রন্থাগার এ মাদরাসাকে করেছে অনন্য। কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা এমন এক মকবুল মাদরাসা যেখানে রয়েছে প্রিয় রাসূল (দ.) এঁর ফয়েজ বরকত এবং হযরত গাউছুল আজম (রা.) এর অকৃত্রিম দোয়া। খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) এঁর পরবর্তীতে বর্তমান অধ্যক্ষ মহোদয়ও মাদরাসার উন্নতি ও অগ্রগতির ব্যাপারে সদা সচেষ্ট রয়েছেন।
গতকাল শনিবার বেলা ০৩টা হতে চট্টগ্রাম নগরীর বায়েজিদস্থ গাউছুল আজম সিটিতে অবস্থিত এশিয়াখ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত ৯২তম এনামী জলসায় বক্তারা এসব কথা বলেন।
এনামী জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন, সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চবি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ। জলসায় সম্মানিত অতিথিবৃন্দ মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ জসীম উদ্দীন, মাওলানা মুহাম্মদ কারিমুল মাওলা, মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল। মিলাদ–কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি–সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












