জিয়ার সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে হামলা, বিএনপির ৮ নেতাকর্মী আহত

রাউজান প্রতিনিধি | রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বিকাল ৩টার দিকে প্রথম দফায় পোমরা স্মৃতিসৌধ সংলগ্ন সড়কে হামলা এবং পরে দ্বিতীয় দফায় রাউজান পাহাড়তলী তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।

হামলার শিকার নেতাকর্মীদের দাবি, তারা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের অনুসারী। তাদের অভিযোগ, বিএনপির অপর একটি গ্রুপ তাদের উপর এ হামলা চালিয়েছে।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল জানান, স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে তসলিম ও ছোটন আজমের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এতে রাউজান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মারুফ, নাছির ও ফারুকসহ অন্তত ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তবে হামলার কথা অস্বীকার করে অভিযুক্ত উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না। যাদের ওপর হামলার দাবি করা হচ্ছে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনুসারী।

ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান নবগঠিত রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা। তিনি বলেন, আমরা সকালে এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম এবং দুপুর ১২টার মধ্যে চলে আসি। হামলার বিষয়ে আমি শুনিনি।

ঘটনার নিন্দা জানিয়ে গোলাম আকবর খোন্দকারের ছেলে তারেক আকবর খোন্দকার এক বিবৃতিতে দাবি করেন, চুয়েট ক্যাম্পাস সংলগ্ন শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বের হওয়ার পথে নিজেদের দলের নেতাকর্মীদের ওপর অপর এক গোষ্ঠীর হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী বলে পরিচয় দেন, তারা কীভাবে নিজ দলের দায়িত্বশীল নেতাদের ওপর হামলা চালান? তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জেনেছি। কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও এ বিষয়ে থানায় এখনো কেউ লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ দেয়নি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অভিযানে মেলেনি কোনো মরদেহ, আস্তানায় মিলল গুলি, পাসপোর্ট ও পরিচয়পত্র