প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফ নিয়ে পালাল মাদক কারবারি

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মাদক কারবারির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ইয়াসিন জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ ফকিরহাট সংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির মোহাম্মদ ইউনুছের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করে পুলিশ। পরে তাকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থানকালে ইয়াসিন প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফ পরা অবস্থায় বাইরে বের হন। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যান তিনি। এ ঘটনায় ফাঁড়ির পুলিশ সদস্যদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তাকে আটক করতে অভিযান শুরু করে পুলিশ।

এ বিষয়ে জানতে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পরিমলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

তবে ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মদসহ একজন আসামিকে আটক করা হয়েছিল। প্রস্রাব করার কথা বলে সে পালিয়ে যায়। পরে তাকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজিয়াউর রহমানের স্মৃতিসৌধ থেকে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা