লোহাগাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক কমিটির অভিষেক ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর উপজেলার সদর বটতলী মোটর স্টেশনে থেকে বর্ণাঢ্য র্যালি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বটতলী এলাকায় গিয়ে শেষ হয়। পরে স্থানীয় রেস্টুরেন্টের হল রুমে উপজেলা এনসিপির আহবায়ক মোস্তাক আহমদ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দক্ষিণ জেলা এনসিপির আহবায়ক লায়ন এ.এম মুন্না চৌধুরী প্রধান অতিথি ও দক্ষিণ জেলা এনসিপির সদস্য সচিব জুবায়েরুল আলম মানিক প্রধান বক্তা ছিলেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো.আরিফুল ইসলাম। উপজেলা এনসিপির সদস্য সচিব ডিএম মারুফ হাসান রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব খান তালাত মাহমুদ রাফি, দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক জিয়াউর করিম, চন্দনাইশ উপজেলা এনসিপির আহ্বায়ক আনাস মাহমুদ ও পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এ রশিদ।
বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। নতুন প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।











