চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে আরও ১ হাজার ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রেঞ্জ পুলিশ থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮০ জন, আগের মামলায় ৬৬ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৬১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৮ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানায় ১৮৫ জন, সাজা পরোয়ানায় ৩৪ জন, মাদক সেবনের অভিযোগে ৭৬ জন এবং মাদক ব্যবসার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে জানিয়ে বলা হয়, তাদের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রেঞ্জজুড়ে পরিচালিত অভিযানে মোট ৩৮ হাজার ১৩৭টি ইয়াবা বড়ি, ২৭ কেজি ৩৬০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ এবং ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। রেঞ্জ পুলিশ আরও জানায়, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪২ জনের মধ্যে ৩৩৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে কুমিল্লায়। জেলাটিতে সর্বোচ্চ ২২৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৯৫, লক্ষ্মীপুরে ৫২, চাঁদপুরে ৩২, নোয়াখালীতে ৩১, কক্সবাজারে ২৮, বান্দরবানে ২১, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭, ফেনীতে ১৬, রাঙামাটিতে ১৬ এবং খাগড়াছড়িতে আটজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৪ সদস্য রয়েছে জানিয়ে বলা হয়, এরমধ্যে চট্টগ্রামে সাতজন, কক্সবাজারে দুইজন, কুমিল্লায় নয়জন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, চাঁদপুরে সাতজন এবং নোয়াখালীতে গ্রেপ্তার হয় আটজন।












