সকল শিল্প শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি

চট্টগ্রামে সিপিবির বিক্ষোভ সমাবেশ

| রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৯:১১ পূর্বাহ্ণ

গার্মেন্টসসহ সকল শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও অবিলম্বে তা কার্যকরের দাবিতে সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে গতকাল বিকেল ৫টায় চট্টগ্রামের সিনেমা প্যালেস চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সদস্য জামাল উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, শ্রমিক নেতা ফজলুল কবির মিন্টু, ছাত্র ইউনিয়ন সভাপতি শুভ দেবনাথ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক–কর্মজীবী মানুষ। অথচ শ্রমিকরা তাদের শ্রমের ন্যায্য মূল্য, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অন্যান্য অধিকার থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও সেই অনুপাতে তাদের মজুরি বাড়ছে না। ফলে শ্রমিক ও নিম্নআয়ের মানুষের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআর্কের ত্রৈমাসিক পারিবারিক কাউন্সিলিং ও সভা
পরবর্তী নিবন্ধসমপ্রীতির বন্ধনে গড়ে উঠুক একটি সুন্দর বাংলাদেশ