বন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৬

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:২৫ পূর্বাহ্ণ

নগরীর বন্দরের তালতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে ইটপাটকেল নিক্ষেপসহ পুলিশের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। গত শুক্রবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করার তথ্য জানিয়ে ওসি বলেন, পোর্ট কানেক্টিং রোডের তালতলা এলাকায় আওয়ামী লীগের নেতা–কর্মীরা মিছিল করছে– এমন খবর পেয়ে আমাদের একটি টিম সেখানে যায়। টিমের সাথে আমি নিজেও ছিলাম। একপর্যায়ে মিছিলকারীরা আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। আমাদের একটি গাড়ি ভাংচুর করে। এতে আমরা ৬ জন আহত হই। পরে অভিযান চালিয়ে হামলাকারীদের ১৬ জনকে আমরা গ্রেপ্তার করি। ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তার করা হবে। আমাদের অভিযান চলমান।

পূর্ববর্তী নিবন্ধগ্রাম পুলিশের বেতন ও ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় শিক্ষা সফরের বাস পুকুরে, শিক্ষকসহ নিহত ২