রাতের আকাশ দেখা সায়ানের শখ। অন্যরা যখন মোবাইল বা ল্যাপটপে ভিডিও গেম নিয়ে ব্যস্ত থাকে, তখন সে বাড়ির ছাদে বসে নিজের ছোট্ট টেলিস্কোপে আকাশের তারা দেখে। তার বিশ্বাস, মহাবিশ্বে মানুষের অজানা অনেক রহস্য লুকিয়ে আছে।
এক বর্ষার রাতে হঠাৎ তার টেলিস্কোপে একটি নীল আলোর বিন্দু দেখা গেল। আশ্চর্যের বিষয়, সেটি কোনো তারার মতো স্থির ছিল না। আলোটি ধীরে ধীরে বড় হতে হতে যেন তার সামনে নেমে এল। মুহূর্তের মধ্যে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, বৃষ্টির ফোঁটাগুলোও যেন মাঝ আকাশে স্থির হয়ে রইল।
সায়ান দেখল, তার সামনে একটি স্বচ্ছ গোলক ভাসছে। গোলকের ভেতরে ছিল ছোট্ট একটি প্রাণী। দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু তার শরীর কাঁচের মতো স্বচ্ছ। শরীরের ভেতর দিয়ে নীল আলোর ঢেউ বয়ে যাচ্ছে। মাথায় চুল নেই, চোখ দুটি যেন ছোট দুটি নক্ষত্র।
সায়ান ভয়ে এক পা পিছিয়ে গেল।
ঠিক তখনই তার মনের ভেতর ভেসে এল একটি কোমল কণ্ঠ। অথচ মুখে কোনো শব্দ নেই।
“ভয় পেও না। আমরা কারও ক্ষতি করতে আসিনি।“
“আপনি… আপনি কে?”
“আমি আরিন। আমি ‘আলোরা‘ গ্রহের বাসিন্দা।“
সায়ান অবাক হয়ে বলল, “আপনি তো মুখই নাড়ছেন না!”
আরিন হেসে উত্তর দিল, “আমরা শব্দ নয়, ভাবনা দিয়ে কথা বলি। এতে ভুল বোঝাবুঝি হয় না।“
এক নিমিষে চারপাশের দৃশ্য পাল্টে গেল। সায়ান নিজেকে দেখতে পেল এক বিস্ময়কর জগতে। আকাশে তিনটি চাঁদ, পাহাড়গুলো নীল স্ফটিকের মতো ঝকঝক করছে। গাছের পাতাগুলো বাতাসে দুলছে না, বরং মৃদু সুর তুলছে। সেই সুর শুনে ছোট ছোট আলোর পাখিরা উড়ে বেড়াচ্ছে।
আলোরার বাসিন্দারা কোনো যন্ত্রে বা মুখে কথা বলে না। তারা অনুভূতি দিয়ে একে অপরকে বুঝে নেয়। কেউ রাগ করলে আকাশের রং বদলে যায়, আর কেউ আনন্দ পেলে চারদিকে হাজারো আলোককণা ফুটে ওঠে। সেখানে মিথ্যা বলা অসম্ভব। কারণ প্রত্যেকের হৃদয়ের আলো অন্যরা দেখতে পায়।
সায়ান জানতে পারল, এই গ্রহের সবচেয়ে মূল্যবান সম্পদ সোনা বা হীরা নয়, বরং স্মৃতি। তারা ভালো কাজ, সুন্দর মুহূর্ত আর মানুষের হাসি বিশেষ আলোকস্ফটিকে সংরক্ষণ করে রাখে। সেই স্মৃতির শক্তিতেই পুরো গ্রহ আলোকিত থাকে। কেউ যদি স্বার্থপর হয়ে যায়, তার নিজের আলো ম্লান হয়ে আসে।
হাঁটতে হাঁটতে সায়ান দেখল, সেখানে কোথাও ধোঁয়া নেই, শব্দদূষণ নেই, ময়লাও নেই।
সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, “তোমাদের এখানে পরিচ্ছন্নতাকর্মী নেই?”
আরিন মুচকি হেসে বলল, “আছে। তবে প্রত্যেক নাগরিকই নিজের এলাকার পরিচ্ছন্নতাকর্মী। যে নিজের বাড়ি পরিষ্কার রাখতে পারে না, সে পুরো গ্রহকে ভালোবাসবে কীভাবে?”
কথাটা শুনে সায়ান চুপ হয়ে গেল।
আরও সামনে গিয়ে সে দেখল কয়েকজন শিশু খেলছে। কিন্তু তাদের হাতে কোনো মোবাইল নেই।
“তোমরা মোবাইল ব্যবহার করো না?”
একটি শিশু হেসে বলল, “বন্ধু পাশে থাকলে পর্দার সঙ্গে কথা বলব কেন?”
সবাই হেসে উঠল। সায়ানও লজ্জা পেয়ে হাসল।
আরিন সায়ানকে একটি বিশাল যাদুঘরে নিয়ে গেল। সেখানে বই নেই, কম্পিউটারও নেই। মাঝখানে ভাসছে অসংখ্য আলোর গোলক।
আরিন একটি গোলক স্পর্শ করতেই সায়ানের চোখের সামনে ফুটে উঠল আলোরার হাজার বছরের ইতিহাস।
“এগুলো কী?”
“এগুলো স্মৃতি। আমরা ভালো কাজ, নতুন আবিষ্কার আর সুন্দর মুহূর্ত সংরক্ষণ করি। কেউ যখন শেখার ইচ্ছা নিয়ে আসে, তখন এই স্মৃতিগুলো তার সঙ্গে ভাগ করে নিই।“
সায়ান গ্রহটির কোথাও অস্ত্রধারী শান্তি–শৃঙ্খলা রক্ষাকারী কোন বাহিনীকে দেখতে পেল না। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, “তোমরা যদি যুদ্ধের মুখোমুখি হও?”
একজন বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, “যুদ্ধ শুরু হওয়ার আগেই আমরা সমস্যার কারণ খুঁজে বের করি। অস্ত্র ক্ষত সারাতে পারে না, কেবল ক্ষত বাড়ায়।“
তিনি বললেন, “যে সভ্যতা জ্ঞান অর্জন করে কিন্তু দয়া ভুলে যায়, সে একদিন নিজের হাতেই নিজের ভবিষ্যৎ অন্ধকার করে ফেলে।“
কথাগুলো সায়ানের মনে গভীর দাগ কেটে গেল।
বিদায়ের সময় ঘনিয়ে এল। সায়ানের মন ভারী হয়ে উঠল।
আরিন বলল, “তুমি পৃথিবীতে ফিরে গিয়ে কাউকে বলবে না যে আমাদের দেখেছ।“
“কেন?”
“কারণ সবাই গালগল্প ভেবে তোমাকে তাচ্ছিল্য করবে, বিশ্বাস করবে না। কিন্তু তোমার ব্যবহার বদলে গেলে মানুষ কারণ জানতে চাইবে। তোমাকে দেখে তারা নিজেরাই ভালো হওয়ার চেষ্টা করবে।“
বিদায়ের আগে আরিন সায়ানের হাতে একটি ছোট্ট স্বচ্ছ স্ফটিক তুলে দিল।
“এটি কোনো জাদু নয়,” কণ্ঠটি আবার তার মনে ভেসে উঠল।
“যতদিন তুমি মানুষকে সাহায্য করবে, সত্য বলবে, নতুন কিছু শিখবে এবং প্রকৃতিকে ভালোবাসবে, ততদিন এটি আলো ছড়াবে।“
পরের মুহূর্তেই চারপাশে নীল আলো ছড়িয়ে পড়ল।
সায়ান নিজের ছাদের ওপর ফিরে এল। চারদিকে আবার বৃষ্টি পড়ছে। যেন কিছুই ঘটেনি।
সে অবাক হয়ে দেখল, তার মুঠোর ভেতর সেই ছোট্ট স্ফটিকটি এখনো রয়েছে। অন্ধকারে সেটি মৃদু নীল আলো ছড়াচ্ছে।








