চট্টগ্রাম ১৩ আনোয়ারা– কর্ণফুলী আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যিনর্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, শিক্ষা হলো মানব জীবনের অমূল্য সম্পদ তাই শিক্ষাকে জাতির মেরুদন্ড বলা হয়। জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সুশিক্ষার বিকল্প নেই। তাই বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সু নাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। মাদকের বিরুদ্ধে, ইভটিজিং এর বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শিক্ষার পাশাপাশি খেলাধুলাতে (নতুন কুড়ি) নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। বর্তমান সরকার শিক্ষার জন্য সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। এ বিদ্যালয়ের উন্নয়ন আর কেউ থামিয়ে রাখতে পারবে না। তিনি গতকাল মঙ্গলবার উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের এস জে নিজাম উচ্চ বিদ্যালয়ে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এমপির সহধর্মিণী নাজনীন নিজাম । বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন তরুণ শিল্প উদ্যোক্তা সাহওয়াজ জামাল নিজাম সনি, দক্ষিণ জেলা বিএনপি নেতা আকতার নবী চৌধুরী, শহিদুল আলমসহ বিদ্যালয়ের শিক্ষক–অবিভাবক ও শিক্ষার্থীরা। সভাপতির বক্তব্যে নাজনীন নিজাম বলেন, এ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে স্থানীয় শিক্ষার্থীরা। শিক্ষার মান বাড়াতে হলে এলাকার অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমরা পরিবারের পক্ষ থেকে এ বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি।











