নৈরাজ্যের বিরুদ্ধে প্রতি ওয়ার্ডে সমাবেশ ও মিছিল করবে মহানগর বিএনপি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

নৈরাজ্য, অগ্নিসংযোগ, বিস্ফোরণ, সন্ত্রাস ও সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধনের বিরুদ্ধে জনমত গড়ে তুলবে বিএনপি। এ লক্ষ্যে নগরের প্রতিটি ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর বিএনপি ধারাবাহিক আলোচনা সভা, প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করবে। এক্ষেত্রে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করা হবে।

গতকাল বৃহস্পতিবার নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সভায় উপস্থিত নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে এর বিরুদ্ধে সাংগঠনিক ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় নাজিমুর রহমান বলেন, পরিকল্পিত নৈরাজ্য, অগ্নিসংযোগ, বিস্ফোরণ, বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিপন্ন করে, জনমনে আতঙ্ক ছড়িয়ে এবং রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণের ষড়যন্ত্র করা হচ্ছে। তবে দেশের মাটিতে ফ্যাসিবাদের পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধেই সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী শক্তি ক্ষমতা হারানোর পরও তাদের ষড়যন্ত্র থামায়নি। বরং দেশের ভেতরে অরাজকতা সৃষ্টি করে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। তাদের চলমান সহিংস কর্মকাণ্ডের অংশ হিসেবে বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, বিস্ফোরণ, বিভিন্ন স্থাপনায় হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে জননিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন ও শিহাব উদ্দিন মুবিন, শ্রমিক দল নেতা শেখ নুরুল্লাবাহার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম।

পূর্ববর্তী নিবন্ধএপেক্স ক্লাব অব কর্ণফুলীর রক্তদান কর্মসূচি
পরবর্তী নিবন্ধসিপাহি জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়