দেশের ক্রমবর্ধমান গ্যাস সংকট মোকাবিলায় মহেশখালীর কুতুবজোমে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের দায়িত্ব পাচ্ছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই)। ১৫ বছর মেয়াদে প্রকল্পটির জন্য সরকারের ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। ২০ বছর মেয়াদে চুক্তি হলে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
গতকাল বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত প্রস্তাবটি অনুমোদন পেয়েছে। এর মধ্য দিয়ে গত অক্টোবরে ব্যয় নিয়ে আপত্তির কারণে ফিরিয়ে দেওয়া চীনা প্রতিষ্ঠানের প্রস্তাবটিই শেষ পর্যন্ত বাস্তবায়নের পথে এগোল। এতে ব্যয় কমানোর আলোচনা থাকলেও প্রস্তাবিত আর্থিক কাঠামোয় বড় কোনো পরিবর্তন আসেনি।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকার–টু–সরকার (জিটুজি) ব্যবস্থায় কুতুবজোমে অফশোর এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সিএনইইর প্রস্তাবে সম্মতি দিয়েছে ক্রয় কমিটি। এর আগে ২৮ জুলাই অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটি নিয়ে নীতিগত অনুমোদন দিয়েছিল। তবে ১৩ অক্টোবর সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে ব্যয় নিয়ে প্রশ্ন ওঠায় প্রস্তাবটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়।
প্রকল্পটির ব্যয় নিয়ে প্রশ্নের মূল জায়গা হচ্ছে দৈনিক সার্ভিস চার্জ। গত ১৯ জুন দেওয়া প্রস্তাবে ১৫ বছরের চুক্তির আওতায় প্রতিদিন ৩ লাখ ৪২ হাজার ডলার নেওয়ার কথা জানিয়েছিল সিএনইই। অন্যদিকে বর্তমানে মহেশখালীতে পরিচালিত এঙিলারেট এনার্জির টার্মিনালের জন্য সরকার প্রতিদিন দিচ্ছে ২ লাখ ৫৪ হাজার ডলার। সামিট এলএনজির ক্ষেত্রে দৈনিক ব্যয় ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার। নতুন চীনা টার্মিনালের জন্য এঙিলারেট এনার্জির তুলনায় দৈনিক ৮৮ হাজার ডলার এবং সামিটের তুলনায় ৯২ হাজার ৮৮৫ ডলার বেশি দিতে হবে। শতাংশের হিসাবে এই বাড়তি ব্যয় যথাক্রমে প্রায় ৩৫ ও ৩৭ শতাংশ।
এর আগে সরকারের দর–কষাকষি কমিটি ১৫ বছর মেয়াদে দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার এবং ২০ বছর মেয়াদে দৈনিক ৩ লাখ ২৯ হাজার ডলারের দুটি বিকল্প প্রস্তাব নিয়েও আলোচনা করেছিল।
সিএনইইর প্রস্তাবিত দৈনিক চার্জের মধ্যে ২ লাখ ৪৬ হাজার ডলার নির্ধারিত ফি, ৫৯ হাজার ডলার পরিচালন ব্যয় এবং ৩৭ হাজার ডলার বন্দরসেবা ব্যয় হিসেবে ধরা হয়েছে। দর–কষাকষি কমিটি ১৫ বছরের বিকল্পে ১২ শতাংশ ডিসকাউন্ট রেট ধরে সরকারের আর্থিক দায়ের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলার বা ১২ হাজার ৩২৪ কোটি টাকা হিসাব করেছিল।
প্রস্তাবিত টার্মিনালটির দৈনিক রিগ্যাসিফিকেশন সক্ষমতা হবে ৬০০ মিলিয়ন ঘনফুট। সর্বোচ্চ সক্ষমতা ধরা হয়েছে ৭৫০ মিলিয়ন ঘনফুট।
বর্তমানে মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এঙিলারেট এনার্জির টার্মিনালের দৈনিক সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট এবং সামিটের ৫০০ মিলিয়ন ঘনফুট। দুটি টার্মিনালের সম্মিলিত রিগ্যাসিফিকেশন সক্ষমতা ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।
নতুন টার্মিনাল যুক্ত হলে স্বাভাবিক সক্ষমতা অনুযায়ী দৈনিক আরও ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হবে। সর্বোচ্চ সক্ষমতায় তা ৭৫০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত হতে পারে। চীনের প্রস্তাব অনুযায়ি, ২০২৮ সালে টার্মিনালটি চালু করা সম্ভব হবে। টার্মিনাল স্থাপন করলেই গ্যাস সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করে সূত্র বলছে, রিগ্যাসিফিকেশন সক্ষমতার পাশাপাশি পর্যাপ্ত এলএনজি আমদানি, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম, কার্গো পরিবহন এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।
পেট্রোবাংলার দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে স্বাভাবিক সময়ে দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে সরবরাহ থাকে প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। দৈনিক ঘাটতি প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। এই ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, সার উৎপাদন এবং আবাসিক খাতে নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে শিল্পাঞ্চলে গ্যাসের নিম্নচাপ ও সরবরাহের অনিশ্চয়তা উৎপাদন কার্যক্রমকে ব্যাহত করছে।
সূত্র বলেছে, দেশের এলএনজি সরবরাহে বড় সংকট হচ্ছে মাত্র দুটি টার্মিনালের ওপর নির্ভরতা। মহেশখালীতে বিদ্যমান দুটি টার্মিনালের কোনো একটি যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে গেলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে।
গত ২১ জুলাই এঙিলারেট এনার্জির টার্মিনালে অগ্নিকাণ্ডের পর এর কার্যক্রম বিঘ্নিত হয়েছিল। এর প্রভাব পড়েছিল বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানায় গ্যাস সরবরাহে। একাধিক টার্মিনাল থাকলে একটি বিকল হলেও অন্যগুলো দিয়ে সরবরাহের একটি অংশ সচল রাখা সম্ভব হবে বলে সূত্র মন্তব্য করেছে।
মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনে শুধু চীনই নয়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিনিয়োগকারীরাও আগ্রহ প্রকাশ করেছিল।
গত ৭ সেপ্টেম্বর এফবিসিসিআই কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এলএনজি টার্মিনাল স্থাপনের ক্ষেত্রে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
তিনি জানান, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে এ খাতে কাজ করতে আগ্রহী। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রুততম সময়ে টার্মিনাল নির্মাণের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানির প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। এরপর ১৯ অক্টোবর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জানান, বাংলাদেশে নতুন তিন থেকে চারটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে।
অপরদিকে শুধু নতুন টার্মিনাল স্থাপন নয়, গ্যাস সরবরাহ সচল রাখতে আমদানিও বাড়াতে হচ্ছে সরকারকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে সরবরাহের অনিশ্চয়তা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলেছে। গতকাল বৃহস্পতিবার সরকারের ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে ওমানের ওকিউ ট্রেডিং থেকে ২০২৭ সালের জন্য তিনটি এলএনজি কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন করেছে। একই সঙ্গে মালয়েশিয়ার পেন্টিচিউড এনার্জি থেকে ২০২৭ সালে দুটি এলএনজি কার্গো কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়। উভয় পক্ষের সম্মতিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
এর বাইরে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানের মার্কেটস, সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মেরিটেস ওয়েল মার্কেটিং থেকে সরাসরি এলএনজি কেনার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।










