পুলিশের গ্রেপ্তার এড়াতে নিজের গলায় ধারলো ছুরি ধরে পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেও সফল হয়নি শাহ আলম নামে এক ছিনতাইকারী। সদরঘাট থানার পুলিশকে প্রায় তিন ঘণ্টা ব্যতিব্যস্ত করে রাখে শাহ আলম। শেষ পর্যন্ত নাটকীয় পরিস্থিতির অবসান ঘটিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাঁর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ নভেম্বর বিকেল পাঁচটায় নগরের আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে কলোনিতে শাহ আলমকে গ্রেপ্তারে অভিযান চালায় সদরঘাট থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহ আলম তার সহযোগী তাজুলকে নিয়ে একটি পরিত্যক্ত বাড়ির টয়লেটের ভেতরে লুকিয়ে পড়েন। সেখানে পুলিশ পৌঁছালে তিনি নিজের গলায় ধারালো অস্ত্র ধরে সহযোগীকে হত্যার হুমকি দেন। পরে রাত আটটার দিকে পুলিশ আরও দুই সহযোগীসহ তাঁকে গ্রেপ্তার করে।
এ ঘটনার একটি ভিডিও গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে সরবরাহ করে সদরঘাট থানা–পুলিশ। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পরিত্যক্ত বাড়ির টয়লেটের একটি গর্তে সহযোগী তাজুলকে নিয়ে অবস্থান করছেন শাহ আলম। শাহ আলমের হাতে ছিল লম্বা একটি ধারালো কিরিচ।
পুলিশের সামনে প্রথমে তাজুলকে হত্যার হুমকি দেন শাহ আলম। এরপর নিজের গলায়ও কিরিচ ধরেন। একপর্যায়ে তিনি বলতে থাকেন, ‘স্যার, আগে আমার আম্মারে কল দেন।’ এরপর জোরে জোরে ফোন নম্বর বলতে থাকেন তিনি।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর আইস ফ্যাক্টরি রোডের একটি বাড়িতে ডাকাতির ঘটনায় শাহ আলম জড়িত ছিলেন। ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে সেদিনই তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এর আগেও একাধিক ছিনতাইয়ের ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ দৈনিক আজাদীকে বলেন, শাহ আলম একজন পেশাদার অপরাধী। তাঁর বিরুদ্ধে কোতোয়ালী ও সদরঘাটসহ বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












