শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানি, তিনজনকে কারাদণ্ড

পার্কিং এলাকা ও টার্মিনালের ড্রাইভওয়েতে আইন অমান্য করায় জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও শৃঙ্খলা বজায় রাখতে পরিচালিত অভিযানে তিনজনের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। গতকাল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে পরিচালিত একাধিক মোবাইল কোর্টে এ দণ্ড দেয়া হয়। এ ছাড়া পার্কিং এলাকা ও টার্মিনালের ড্রাইভওয়েতে আইন অমান্য করায় পাঁচজনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল জানান, বিমানবন্দরে যাত্রীদের নির্বিঘ্নে আগমন ও প্রস্থান নিশ্চিত করা, বিভিন্ন দোকান ও লাউঞ্জের খাবারের মান ও মূল্য যাচাই এবং টার্মিনালের ড্রাইভওয়েতে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এসব অভিযান পরিচালনা করা হয়। বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে মোবাইল কোর্টগুলো পরিচালিত হয়। অভিযানকালে পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ৪৭(২) ধারা লঙ্ঘনের দায়ে পাঁচজনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যাত্রী হয়রানির অভিযোগে তিনজনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং বিমানবন্দরের বিভিন্ন সেবার মান বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধখেলছিল শিশুটি, খোলা সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীর প্রধান সড়ক প্রশস্তকরণে শুরু হয়েছে ভূমি অধিগ্রহণ