কাছাকাছি আসছে তিন দ্বীপ, গড়ছে বড় ভূখণ্ড!

সাড়ে তিন দশকে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ ও ভাসানচর- এই তিন দ্বীপের একীভূত হওয়ার কথা উঠে এসেছে গবেষণায়

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:২৮ পূর্বাহ্ণ

নিয়মিত ভাঙনের মধ্যে মেঘনার মোহনায় পলি জমে দৃশ্যমান হচ্ছে নতুন নতুন চর। এরমধ্যে মোহনায় বিস্তীর্ণ এলাকাজুড়ে থাকা তিন দ্বীপ– ভাসানচর, স্বর্ণদ্বীপ ও সন্দ্বীপ রূপ নিচ্ছে ‘অবিচ্ছিন্ন ভূখণ্ডে’। সাড়ে তিন দশকের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে এ তথ্য দিচ্ছেন একদল গবেষক, যার নেতৃত্বে আছেন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) সদস্য (প্রযুক্তি) ড. মো. মাহমুদুর রহমান। গত অক্টোবরের প্রথম সপ্তাহে গবেষণা নিবন্ধ ছাপা হয় ‘জার্নাল অব কোস্টাল কনজারভেশন’ সাময়িকীতে। গবেষণার শিরোনাম দেওয়া হয়েছে, ‘মনিটরিং দ্য ডায়নামিক ল্যান্ডফর্মস ইন দ্য মেঘনা এসচুয়ারাইন আইল্যান্ডস’। খবর বিডিনিউজের।

গবেষণার অংশ হিসেবে ১৯৮৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সাড়ে তিন দশকে ভূমিগঠনের স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করা হয়। সেই বিশ্লেষণের ফল তুল ধরে মাহমুদুর রহমান বলেন, ‘আমরা ২০১৮ সালের দিক থেকে কাজ শুরু করি। তখন নজরে আসে যে তিনটা চর মিশে যাচ্ছে। ২০২৫–২৬ সালে এসে দেখি সত্যিই ভেতরের চ্যানেলগুলো মিনিমাম পর্যায়ে চলে এসেছে এবং কন্টিনিউয়াস ল্যান্ডফর্মে রূপ নিয়েছে।’

তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে তিনটা চর একসঙ্গে হয়ে এরকম বড় ল্যান্ড ফরমেশন খুব কমন ঘটনা নয়। এটাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য ভালো বার্তা নিয়ে আসবে। গবেষণার মূল বার্তা এটাই– সন্দ্বীপের সঙ্গে স্বর্ণদ্বীপ (জাহাইজ্জার চর) ও ভাসানচর মার্জ হয়ে একটি বড় ল্যান্ডমাস (ভূখণ্ড) তৈরি করছে। আমাদের গবেষণায় উড়িরচরও আছে, তবে সেটা আলাদা। বলতে পারি, তিনটি দ্বীপ একসঙ্গে মিশে একটি বড় দ্বীপ তৈরি করছে।’

বালি ও পলি জমে চর তৈরি হলেও স্থায়ী ভূখণ্ডে পরিণত হতে আরও এক থেকে দুই দশক বা দীর্ঘ সময় লাগার কথা বলছেন গবেষকরা। সঠিক ব্যবস্থাপনা বা ম্যানগ্রোভ বনায়ন না করা হলে জোয়ার–ভাটা বা সাইক্লোনের প্রভাবে এসব জমি আবার সাগরে বিলীন হওয়ার ঝুঁকি থাকে।

সহ–গবেষক সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রভাষক মো. শামীম রেজা সাইমুম বলেন, ‘মূলত তিনটা চর চর জেগে উঠছে। কিন্তু তিনটা চর যে একীভূত হচ্ছে, ল্যান্ডফর্মগুলো একসঙ্গে হয়ে যাচ্ছে, এটা দেখাই ছিল আমাদের গবেষণার মূল উদ্দেশ্য। ভবিষ্যতে মার্জ হয়ে একটা মূল ল্যান্ডস্কেপে পরিণত হতে পারে।’ এ গবেষক বলেন, তিন দশকে এটা একীভূত হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আরও দুয়েক দশক গেলে বলা যাবে, স্থিতিশীল অবস্থায় রয়েছে। একই রকমভাবে সুন্দরবনের দক্ষিণেও ডিমের চর জেগে উঠেছে, স্থায়ী রূপ নিতে সময় লাগবে।

বিশেষজ্ঞরা বলছেন, জেগে ওঠা এ মাটি প্রাথমিক ব্যবহারের পর্যায়ে রয়েছে। পুরোপুরি মাটিতে রূপ নিতে হাজার বছরও চলে যেতে পারে।

গবেষণা নিবন্ধের সারসংক্ষেপ তুলে ধরে মো. শামীম রেজা সাইমুম বলেন, ‘গত সাড়ে তিন দশকে (১৯৮৯–২০২৫) মেঘনা মোহনায় চারটি দ্বীপের (সন্দ্বীপ, উরির চর, স্বর্ণদ্বীপ, ভাসানচর) আশপাশের অঞ্চলে ভাঙনের তুলনায় নতুন ভূমি গঠনের হার অনেক বেশি ছিল। এই সময়ে মোট ৫৪৩ বর্গকিলোমিটার পলি জমে ভূমি হয়েছে। বিলীন হয়েছে মাত্র ৪৬ বর্গকিলোমিটার। এর ফলে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ ও ভাসানচরে একত্রিত হয়ে একটি বিশাল অবিচ্ছিন্ন ভূখণ্ড তৈরি করার প্রবণতা দেখা যাচ্ছে।’

গবেষণা প্রতিবেদন অনুযায়ী– সন্দ্বীপে নিট ১০৫ বর্গকিলোমিটার ভূমি বেড়েছে। স্বর্ণদ্বীপ ১৯৮৯ সালের ৫২ বর্গকিলোমিটার থেকে ২০২৫ সালে ২৬৬ বর্গকিলোমিটারে পৌঁছেছে। ২০০৬ সালে জেগে ওঠা ভাসানচর ২০২৫ সালের মধ্যে ১৬৫ বর্গকিলোমিটার আয়তন লাভ করেছে। উড়ির চরে নিট ৯১ বর্গকিলোমিটার ভূমি বৃদ্ধি পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএমপির বাড়িতে আগুনের ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী