আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১২:০৩ অপরাহ্ণ

বছরের শুরুতে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছিল। নিলাম থেকে বাংলাদেশি পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতীয় বোর্ডের নির্দেশে শেষ পর্যন্ত মোস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘটনার কারণে নিরাপত্তা শঙ্কায় ভারত অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টেই খেলতে যায়নি বাংলাদেশ। এরপর মোস্তাফিজ আর কখনো আইপিএলে খেলবেন কি না সে প্রশ্ন উঠেছিল। আপাতত সেই প্রশ্নের উত্তর হলো আইপিএলের আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোস্তাফিজ। সাকিব আল হাসানের পর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে পরিচিত মুখ মোস্তাফিজ। পাঁচটি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ৯ মৌসুম। ২০১৬ সালে আইপিএলে অভিষেকেই জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে এই পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটারও তিনি। আইপিএলে এ পর্যন্ত ৬০ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ওভারপ্রতি ৮.১৩ রান দিয়ে নিয়েছেন ৬০ উইকেট। মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও আগামী মৌসুমের নিলামে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, সব মিলিয়ে ৬ থেকে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। এদের মধ্যে আছেন পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। ১৭ নভেম্বর পর্যন্ত নিলামের জন্য নাম নিবন্ধন করতে পারবেন ক্রিকেটাররা। আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের সঙ্গে নতুন ক্রিকেটার যুক্ত করে দল সাজাবে। তবে এবারের নিলামে মেগা নিলামের মতো পুরো দল নতুন করে সাজানোর সুযোগ নেই। নিজেদের প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় ছেড়ে দিয়ে কিংবা ধরে রেখেই নিলামে অংশ নেবে দলগুলো। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন এবং কমপক্ষে ১৮ জন খেলোয়াড় রাখা যাবে। বিদেশি খেলোয়াড়ের সংখ্যা সর্বোচ্চ আটজন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি দলের মোট খরচের সীমা ১৫৭ কোটি রুপি।

পূর্ববর্তী নিবন্ধহাজী ক্যাম্প একাদশ ও আলোসিঁড়ির জয়লাভ
পরবর্তী নিবন্ধআলিয়ঁস ফ্রসেজে পুতুলনাট্য ‘ইনভিজিবল স্টোরিজ’