দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিজ নিজ খেলায় জয় পেয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ১–০ গোলে ভেটেরিনারি ইউনিভার্সিটিকে এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও একই ব্যবধানে ১–০ গোলে ইউএসটিসিকে পরাজিত করেছে। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির মিসকাত ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তাহসিন গোল করেন। এ জয়ের ফলে দু–দলই সেমিফাইনালে খেলার পথে একধাপ এগিয়ে গেছে। দুই খেলা শেষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দু–দলই ৪ পয়েন্ট করে লাভ করেছে। সমসংখ্যক খেলায় ভেটেরিনারি ইউনিভার্সিটি ও ইউএসটিসি ১ পয়েন্ট করে পেয়েছে। দিনের প্রথম খেলায় জয় পাওয়া বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ভালো খেলে জিতলেও প্রথমার্ধে তেমন গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে খেলার ৪৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। এ সময় ডানপ্রান্তে সাকিবের মাটিঘেষা মাইনাস ভেটেরিনারি ইউনিভার্সিটি’র কিপার কোনমতে ঠেকিয়ে দিলেও ফিরতি বলে মিসকাত নিখুঁত শটে বল জালে জড়ান। ১–০ গোলে এগিয়ে যায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। শেষ পর্যন্ত ঐ গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। খেলা শেষে সেরা খেলোয়াড় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির অধিনায়ক তানজিনের হাতে পুরস্কার তুলে দেন ভেটেরিনারি ইউনিভার্সিটির পরিচালক (ক্রীড়া) মুজিবুর রহমান।
দিনের দ্বিতীয় খেলাটিতে ইউএসটিসির বিপক্ষে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মোটামুটি ভালো খেলেই জয় আদায় করে নিয়েছে। খেলার ৩৪ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তানভীর। রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে তানভীর ডান পায়ের কড়া শটে বল জালে জড়ান (১–০)। তিনি ম্যান অব দ্য ম্যাচ হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ও সাবেক কৃতি ফুটবলার সাজীব বিকাশ বড়ুয়া টুটুল।
আজকের খেলা: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বনাম প্রিমিয়ার ইউনিভার্সিটি’ (দুপুর ২টা) এবং বান্দরবান ইউনিভার্সিটি বনাম সাউদার্ন ইউনিভার্সিটি (বিকেল ৩টা ২০ মিনিট)।












