সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’–এর শেষ ম্যাচে গতকাল বুধবার জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ১–০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত। আগামী ১৪ নভেম্বর প্রথম সেমিফাইনালে গ্রুপ ‘এ’–এর রানার্সআপ দলের মুখোমুখি হবে ভারত। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় ভারত। পেনাল্টি বক্সের মধ্যে আবদুল রাবিহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার হুসেইন সিফাউ ইউসুফ। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মোহনবাগানের স্ট্রাইকার সুহাইল আহমেদ ভাট। চলতি টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল। মালদ্বীপও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল, তবে ভারতের গোলপোস্টে বড় কোনো হুমকি সৃষ্টি করতে পারেনি। বিরতির পর ৭৯ মিনিটে সমতায় ফেরার কাছাকাছি পৌঁছে যায় মালদ্বীপ। বদলি খেলোয়াড় হামধানের ফ্রি–কিক দারুণ দক্ষতায় রুখে দেন ভারতের গোলরক্ষক প্রিয়াংশ দুবে। যোগ করা সময়ে সমতা ফেরানোর সবচেয়ে ভালো সুযোগ পায় মালদ্বীপ। বক্সের মধ্যে বল পেয়ে জাকি গোলের সামনে অরক্ষিত অবস্থায় ছিলেন। তবে দ্রুত এগিয়ে এসে তার শট ঠেকিয়ে দেন দুবে। শেষ কয়েক মিনিটের চাপ সামলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে ভারত। গ্রুপ ‘বি’–এর শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠে তারা। অন্যদিকে, টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ।











