রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা থেকে বিলাইছড়ি উপজেলা পর্যন্ত সীমান্ত সড়কের কাজ দ্রুত এগিয়ে চলেছে। এই সীমান্ত সড়ক রাজস্থলী উপজেলা থেকে শুরু হয়ে বিলাইছড়ি উপজেলা হয়ে বরকল উপজেলা পর্যন্ত যাবে বলে জানা গেছে।
১০ নভেম্বর সরেজমিনে বিলাইছড়ি উপজেলার ভাইরাল ব্রিজ এলাকায় দেখা গেছে, সীমান্ত সড়ক উন্নয়নকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন সীমান্ত সড়কের নির্মাণকাজ করছে।
বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ভাইরাল সেতু এলাকায় দেখা গেছে, দুটি বুলডোজার উঁচু–নিচু পাহাড় কেটে রাস্তা সমান করার কাজ করছে।
ঠিকাদারের সহকারী মো. ইব্রাহিম বলেন, রাজস্থলী থেকে বিলাইছড়ি পর্যন্ত ৪৪ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ চলছে। ইতোমধ্যে ৬০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। বাকি কাজ দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য শ্রমিকরা কাজ করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সীমান্ত সড়কে নিরবছিন্নভাবে যানবাহন চলাচলের জন্য মোট ১২টি সেতু নির্মাণ করার প্রয়োজন হবে। সবগুলো সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। এর মধ্যে ৩টি সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। সড়ক ও সেতু নির্মাণের জন্য বিভিন্ন ধাপ বা প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভাইরাল সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নির্মিত হয়েছে। এই প্রজেক্টের নাম ‘আরকেবিডিপি’। কারিগরপাড়া থেকে বিলাইছড়ি বাজার পর্যন্ত সড়কের বিলাইছড়ি অংশে নির্মিত ব্রিজটি ২৫২.৭২ মিটার। চেইনেজ হিসেবে ৬ হাজার মিটার। এই সেতুটির সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন অনেক পর্যটক এখানে আসেন বলে জানা গেছে।
এলাকায় একটি মাত্র চা দোকান রয়েছে। চা দোকানি প্রদীপ চাকমা জানান, সেতুর নির্মাণকাজ সমাপ্ত হলেও সড়ক নির্মাণকাজ এগিয়ে চলেছে। সড়ক না থাকায় বিলাইছড়ি থেকে ইঞ্জিন বোটে চড়ে পর্যটকরা সড়ক নির্মাণ এবং সেতুর সৌন্দর্য উপভোগ করতে আসেন।
উপস্থিত পর্যটক হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আক্তার বলেন, আমার নিজ বাড়ি বিলাইছড়ি উপজেলা সদরে হলেও আমি কখনো এই স্থানে আসিনি। এখানে কখনো সড়ক মির্নিত হবে এবং এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করবে–এমনটা কখনো ভাবিনি। আজ আমরা কয়েকজন মিলে বোটে চড়ে নবনির্মিত সেতু এবং নির্মাণাধীন সড়কে ঘুরতে আসলাম।
জানা গেছে এই সড়ক পথে কাপ্তাই উপজেলা হয়ে লিচুবাগান পর্যন্ত যাওয়ার সুযোগ থাকবে।
বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়া বলেন, এমন সময় আসবে যখন আমরা বিলাইছড়ি থেকে রাজধানী ঢাকা পর্যন্ত সরাসরি সড়ক পথে যাতায়াত করতে পারব। সীমান্ত সড়ক নির্মাণের ফলে পার্বত্য চট্টগ্রামের সার্বিক চালচিত্র বদলে যাচ্ছে বলে জানান তিনি।











