‘শিল্পক্ষেত্রে কাজ করার উপযোগী দক্ষতা অর্জন করতে হবে’

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেমিকন্ডাক্টর শিল্প ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে সেমিনার

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা, প্রযুক্তিগত অগ্রগতি এবং এ খাতে ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগ এবং আইটেস্ট বাংলাদেশের উদ্যোগে ‘বিয়ন্ড ইঞ্জিনিয়ারিং : এক্সপ্লোরিং দ্য সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যান্ড ফিউচার ক্যারিয়ার অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইটেস্ট বাংলাদেশের টিম লিড মো. মাশুর শ্লেহিন। অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইইই বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক।

উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের জন্য সেমিকন্ডাক্টর শিল্প একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এ খাতে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং শিল্পভিত্তিক দক্ষতা উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন করলেই চলবে না; বাস্তব শিল্পক্ষেত্রে কাজ করার উপযোগী দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা বা ইন্ডাস্ট্রি–একাডেমিয়া কোলাবোরেশন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, বাস্তবভিত্তিক প্রকল্পে অংশগ্রহণ এবং শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে শিল্পের বাস্তব সমস্যার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।

মূল প্রবন্ধে মো. মাশুর শ্লেহিন সেমিকন্ডাক্টর শিল্পের বৈশ্বিক প্রেক্ষাপট, চিপ ডিজাইন, উৎপাদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা এবং এ খাতে দেশি–বিদেশি ক্যারিয়ার গড়ার সম্ভাবনা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা আলম, সহকারী অধ্যাপক রাহুল চৌধুরী এবং আইটেস্ট বাংলাদেশের হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিন বিভাগের দায়িত্বপ্রাপ্ত তানভীর মোরশেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না। উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, সহকারী অধ্যাপক সরিত ধর, গণিত বিভাগের সহকারী অধ্যাপক কল্লোল দে এবং প্রভাষক সৌমেন দত্ত, আবির ধর, রীজমা সামানজা নিলয় ও মেহেরীন ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন উপাচার্য