চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পাশাপাশি তাকে নজরদারিতেও রাখা হয়েছে। গতকাল নগরীর হালিশহরে থাকা জেলা পুলিশ লাইনের কার্যালয় থেকে মুঠোফোন দুটি জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী। তবে কী কারণে জাহাংগীর আলমের মুঠোফোন জব্দ করা হয়েছে, কেন–ই বা তাকে নজরদারিতে রাখা হয়েছে–সেসব বিষয় তিনি স্পষ্ট করেননি। তিনি জানিয়েছেন, একটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যার কারণে তার দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। পাশাপাশি নজরদারিতেও রাখা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে তার যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে তার মুঠোফোন জব্দসহ নজরদারি শুরু করা হয়।











