সিআরবির রেলওয়ে জেনারেল হাসপাতাল হবে ১০০ শয্যার

স্বাস্থ্যমন্ত্রীর সাথে চসিক প্রশাসক ডা. শাহাদাতের বৈঠকে সিদ্ধান্ত সাধারণ ও স্বল্প আয়ের মানুষ সহজে চিকিৎসার সুযোগ পাবে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

নগরের সিআরবিতে অবস্থিত ‘রেলওয়ে জেনারেল হাসপাতাল চট্টগ্রাম’কে ১০০ শয্যার আধুনিক হাসপাতালে উন্নীত করবে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডা. শাহাদাত হোসেন আজাদীকে বলেন, পরশু (সোমবার) সন্ধ্যায় ঢাকা মিন্টু রোডস্থ বাসভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। মন্ত্রী চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তরের বিষয়টি জানিয়েছেন। শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

ডা. শাহাদাত বলেন, হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হলে নগরবাসীর জন্য সরকারি চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত হবে। বিশেষ করে সাধারণ ও স্বল্প আয়ের মানুষ সহজে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

প্রশাসক জানান, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নয়, শিল্পাঞ্চলের শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায় বৈঠকে। এ লক্ষ্যে সীতাকুণ্ড এলাকায় শ্রমিকদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে একটি ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি শ্রমিকদের চিকিৎসাসেবা সমপ্রসারণে মোট ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও উঠে আসে।

এদিকে রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২১ এপ্রিল সারা দেশে থাকা রেলওয়ের ১০টি হাসপাতাল পরিচালনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সাথে রেলওয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ১০ হাসপাতালের মধ্যে অর্ন্তভুক্ত রয়েছে সিআরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতাল, ও হালিশহরের সিজিপিওয়াই (চট্টগ্রাম পোর্ট ইয়ার্ড) হাসপাতাল। পরবর্তীতে এই সমঝোতা স্মারকের আলোকে স্বাস্থ্য সেবা বিভাগ ও চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় সর্বসাধাণের চিকিৎসাসেবার উদ্যোগ নেওয়া হয়। এজন্য চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের নাম পরিবর্তন করে ‘রেলওয়ে জেনারেল হাসপাতাল চট্টগ্রাম’ করা হয়। এছাড়া স্বাস্থ্য বিভাগ থেকে ওই সময় ১৯ জন ডাক্তার ও ৯ জন নার্স পদায়ন করা হয়। এরপর ২০২৫ সালের ১২ মে হাসপাতালটিতে আউটডোর সার্ভিস চালু করা হয়। যেখানে রেলওয়ের কর্মী ও যাত্রীদের পাশাপাশি সাধারণ লোকজনও সেবা নেয়ার সুযোগ রয়েছে।

চসিক সূত্রে জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী ও চসিক প্রশাসকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রেলওয়ে হাসপাতালের বিদ্যমান অবকাঠামো ও সক্ষমতাকে কাজে লাগিয়ে এটিকে একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। বৈঠকে বলা হয়, হাসপাতালটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হলে সেখানে আধুনিক চিকিৎসা সুবিধা সমপ্রসারণ, শয্যাসংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

ডা. শাহাদাত জানান, চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরনগরী ও বাণিজ্যিক কেন্দ্র। নগরে প্রতিনিয়ত জনসংখ্যা ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসার চাহিদা বাড়ছে। এর বিপরীতে সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপও উল্লেখযোগ্য। এমন বাস্তবতায় চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে ১০০ শয্যার জেনারেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নগরীর স্বাস্থ্যসেবা অবকাঠামো সমপ্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দরিদ্র, নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

সীতাকুণ্ডে হাসপাতাল ও ট্রমা সেন্টার : চট্টগ্রামের শিল্পাঞ্চল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক, পরিবহনকর্মী ও সাধারণ মানুষ চলাচল করেন। শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের জরুরি চিকিৎসা এবং সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য সীতাকুণ্ড এলাকায় একটি হাসপাতাল ও ট্রমা সেন্টার প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয় বৈঠকে।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য অঞ্চলে পাঁচ বছরে ৩০৮ বেসামরিক নাগরিক নিহত