চলন্ত অবস্থায় হঠাৎ খুলে পড়ল মহানগর এক্সপ্রেস ট্রেনের দরজা

দুই যাত্রী আহত । দরজাবিহীন ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত অবস্থায় ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির দরজা খুলে পড়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ভেতরে থাকা দুই যাত্রী আহত হয়েছেন। পরে দরজাবিহীন অবস্থাতেই ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। গত মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সালদানদী ও মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনের ‘ড’ বগিতে এই দুর্ঘটনা ঘটে। তবে ট্রেন থেকে নিচে দরজা পড়ে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। চলন্ত অবস্থায় আকস্মিক একটি আন্তঃনগর ট্রেনের দরজা খুলে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পড়ে যাওয়া দরজাটি উদ্ধার করা হয়েছে।

যাত্রী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রেনটিতে অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় অনেকেই দরজার সামনে দাঁড়িয়েছিলেন। কসবার সালদানদী স্টেশন পার হওয়ার পর একটি লেভেল ক্রসিংয়ে অটোরিকশা আটকে গেলে স্থানীয়রা তা সরানোর চেষ্টা করেন। এ সময় ট্রেনের দরজায় সামান্য ধাক্কা লাগলে ‘ড’ বগির ওই দরজাটি খুলে নিচে পড়ে যায়। এতে দরজার সামনে থাকা দুই যাত্রী পায়ে সামান্য আঘাত পান। পরে দরজা না থাকা অবস্থাতেই ট্রেনটি গন্তব্য ঢাকার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।

ট্রেনের পরিচালক (গার্ড) শমাস মো. লেলিন জানান, অতিরিক্ত যাত্রীর চাপ ও কুমিল্লা স্টেশন পার হওয়ার পর আসনবিহীন যাত্রীদের ভিড় বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। লেভেল ক্রসিংয়ে স্থানীয়দের তৎপরতার সময় দরজায় ধাক্কা লেগে এটি খুলে যায়। তিনি আরও জানান, এই বগির দরজা সাধারণত বন্ধ রাখার নিয়ম থাকলেও যাত্রীরা তা কিছুটা ফাঁকা রাখেন এবং শত নিষেধ সত্ত্বেও কথা শুনতে চান না। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত গিয়ে পড়ে যাওয়া দরজাটি উদ্ধার করে।

দরজা খুলে যাওয়া ‘ড’ বগির যাত্রী ফরিদুল আলম ও আনোয়ারা হোসাইন জানান, ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে বেলা পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি (উপজেলার সালদানদী ও মন্দবাগ রেলওয়ে স্টেশন) শেষে চলন্ত অবস্থায় হঠাৎ শব্দ শুনে উঠে দেখি একটি দরজা খুলে পড়ে গেছে। তবে দরজার সামনে থাকা কারও বড় ধরনের সমস্যা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধজাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর