সেলফি তোলার সময় পায়ের নিচে চসিক প্রশাসকের ছবি, থানায় দুই কিশোর-কিশোরী

আজাদী অনলাইন প্রতিবেদন | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ৫:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের সিআরবি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে সেলফি তুলছিল দুই কিশোর-কিশোরী। এ সময় তাদের পায়ের নিচে পড়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক শাহাদাত হোসেনের ছবি। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাদের নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে দুই কিশোর-কিশোরীকে থানায় নিয়ে যায় পুলিশ।

আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সিআরবি এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেলফি তোলার সময় কিশোর-কিশোরীর পায়ের নিচে প্রশাসক শাহাদাত হোসেনের ছবি দেখতে পান স্থানীয় বিএনপি নেতারা। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।

সর্বশেষ বিকেল পাঁচটার দিকে পাওয়া তথ্য অনুযায়ী, দুই কিশোর-কিশোরী কোতোয়ালী থানা-পুলিশের হেফাজতে ছিল। কিশোরীকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়ার প্রক্রিয়া চলছিল। অন্যদিকে কিশোরকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ।

তবে প্রশাসকের ছবিটি সেখানে কীভাবে এল এবং ছবির ওপর পা পড়ার বিষয়টি ইচ্ছাকৃত ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধতোর মা-বোন আছে, বলেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে চড় এনসিপি নেত্রীর