এক যুগ ধরে প্রতিদিন এক শ কুকুরকে খাবার দেন শংকরী দাশ

নেজাম উদ্দীন আবির | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ৮:৩৮ পূর্বাহ্ণ

মধ্যবয়সী এক নারী। পরণে মলিন শাড়ি। দুই হাতে দুটি পলিথিনের ব্যাগ নিয়ে ফুটপাত থেকে রাস্তায় নামতেই চারপাশ থেকে ছুটে এল বেশ কয়েকটি কুকুর। ব্যাগ থেকে একে একে তিনি বের করলেন মুরগির পা, হাঁড় আর মাংসের টুকরো। লেজ নাড়তে থাকা কুকুরেরা সেসব খাবার যখন খাচ্ছিল সন্তানের স্নেহে তাদের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন ওই নারী।

গতকাল মঙ্গলবার দুপুর দুইটায় চট্টগ্রাম নগরের মোমিন রোডে এভাবে কুকুরকে খাওয়াচ্ছিলেন তিনি। নাম শংকরী দাশ। বয়স জানতে চাইলে বললেন, ৫৫ বছর। কুকুরদের খাওয়ানোর ফাঁকে কথা হয় তাঁর সঙ্গে। কেন এভাবে খাওয়াচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘অবলা জীব। আমরা না দিলে খাবার কই পাবে।’

শীর্ণ দেহ আর বয়সের ছাপ পড়া শরীরে ক্লান্তি। তবু শহরে ঘুরে ঘুরে কুকুর বিড়ালদের খাওয়ান তিনি। কখনো নন্দনকানন, ডিসি হিল, হেমসেন লেন, কখনো মোমিন রোড চলে যান খাবারের থলে নিয়ে। মাংসের দোকান থেকে উচ্ছিষ্ট জিনিসগুলো কিনে নেন। থলে নিয়ে যখন কোথাও যান কুকুরো ছুটে আসে। তার অপেক্ষায় থাকে ওরাও।

শংকরী জানালেন, নিজের সংসার নেই বললেই চলে। স্বামী নেই, জীবনে একমাত্র মেয়েকেও বিয়ে দিয়েছেন বহু আগে। অন্যের বাড়িতে গৃহসহায়িকার কাজ করে যে সামান্য আয় করেন, তার বড় অংশই ব্যয় করেন কুকুর-বিড়ালের খাবার জোগাতে। এক-দুই বছর নয়, টানা ১২ বছর ধরে প্রতিদিন প্রায় ১০০টি কুকুরকে খাবার দিচ্ছেন এই নারী। নিজের অভাব-অনটন, পুরোনো শাড়ি আর ছেঁড়া জুতোর দিকে তাঁর খেয়াল নেই। ভাবনায় শুধু অবলা প্রাণীগুলোর ক্ষুধার কথা।

চট্টগ্রামের বাঁশখালীর বানীগ্রাম এলাকার বাসিন্দা শংকরী দাশ এখন থাকেন নগরের নন্দনকানন এলাকায়। দিনের একটা সময় কুকুরদের খা্ওনোর পেছনে ব্যয় করেন তিনি।

শংকরী বলেন, বিভিন্ন রেস্তোরাঁ ও মুরগির দোকান থেকে উচ্ছিষ্ট অংশ কিনে আনেন তিনি। এরপর কাজের ফাঁকে সেসব খাবার নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। প্রতিদিন প্রায় ১০০টি কুকুরকে খাবার দেন। এ ছাড়া রয়েছে বহু বিড়াল।এ কাজে দৈনিক তাঁর খরচ হয় ৪০০ থেকে ৫০০ টাকা।

কেন নিজের কষ্টের উপার্জন এভাবে ব্যয় করেন? প্রশ্ন শুনে শংকরী দাশের বলেন, ‘আমরা যদি এগিয়ে না আসি, তাহলে এই বেওয়ারিশ কুকুর-বিড়ালগুলোকে কে খাওয়াবে? এই চিন্তা থেকেই প্রায় ১২ বছর আগে তাদের খাবার দেওয়া শুরু করি। এখনো চালিয়ে যাচ্ছি। এই কাজ করতে গিয়ে অনেকের তুচ্ছতাচ্ছিল্য সহ্য করতে হয়েছে। কিন্তু সেসব মাথায় নিই না। জীবের সেবা করে যাচ্ছি, সামনেও করে যাব।’

শংকরীর এই পথচলা সহজ ছিল না। কেউ তাঁকে নিয়ে হাসাহাসি করেছেন, কেউ করেছেন অবহেলা। আবার কেউ তাঁর কাজের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তবে মানুষের কথায় থেমে যাননি তিনি। অসুস্থ কোনো কুকুর চোখে পড়লে খাবার দেওয়ার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থাও করেন।

স্থানীয় বাসিন্দাদের চোখেও শংকরী এখন এক পরিচিত মুখ। নাজের নামে হেম সেন লেইনের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এই সময়ে কে কার খাবারের দায়িত্ব নেয়। সেখানে এই নারী প্রতিদিন এতগুলো কুকুর-বিড়ালকে খাওয়ান। তাঁর এই কাজ আমাদের সত্যিই মুগ্ধ করে।’

হেম সেন লাইনে দুই বছর ধরে কাজ করছেন আবু সাদেক। তিনি বলেন, ‘এখানে আসার পর থেকেই দেখছি, এই মহিলা প্রতিদিন অনেকগুলো কুকুর-বিড়ালের খাবারের ব্যবস্থা করেন। তাঁর নিজের আয় খুব বেশি নয়। অথচ উপার্জনের টাকা প্রাণীগুলোর পেছনে ব্যয় করেন। বিষয়টি আমাদের অবাক করে।’

পূর্ববর্তী নিবন্ধলেকসিটি বিজয় নগরে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে পাকা ঘর