কক্সবাজার শহরের কলাতলীর হোটেল–মোটেল জোন লাগোয়া একটি বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে স্থানীয় সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের এ ঘটনা ঘটে। এ সময় আশপাশের হোটেল ও বসতবাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ–সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, হোটেল মোটেলের পাশের একটি বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত চারটি বসতবাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুনের খবর ছড়িয়ে পড়ার পর এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতবাড়ির বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। তারা সড়কে অবস্থান নেন।








