নগরের নিউ মনসুরাবাদ ও সাগরিকা এলাকায় সড়কের পাশে রাখা পৃথক দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত ৩টা ও গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে এই আগুন দেওয়া হয়। এ সময় বাস দুটিতে কোনো যাত্রী বা চালক ছিলেন না।
পুলিশ ও ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, গতকাল ভোর ৫টার দিকে পাহাড়তলী থানার সাগরিকা শফি মোটরস এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এর আগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে আকবরশাহ থানার নিউ মনসুরাবাদ এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বত্তরা। সে আগুনও নির্বাপণ করে ফায়ার সার্ভিস।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) রুহুল আমিন লাবু সাংবাদিকদের বলেন, দুর্বৃত্তরা দুটি বাসে আগুন দিয়েছে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।








