কিডনি ডায়ালাইসিস প্রতিষ্ঠান স্যান্ডরের সাথে চুক্তির মেয়াদ বাড়ল ৬ মাস

চমেক হাসপাতাল ও নিকডু । প্রতি সেশনে সরকারের ভর্তুকি কমল ৬০০ টাকা, রোগীদের ২১ টাকা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং রাজধানীর জাতীয় কিডনি ও ইউরোলজি হাসপাতালে (নিকডু) স্থাপিত কিডনি ডায়ালাইসিস সেবা প্রতিষ্ঠান স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডের সাথে চুক্তির মেয়াদ ছয় মাস বাড়িয়েছে সরকার। গতকাল দৈনিক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।

নিজস্ব ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবা চালুর প্রস্তুতি শেষ না হওয়ায় রোগীরা নিরবচ্ছিন্নভাবে আগের মতো ডায়ালাইসিস সেবা পাবেন। এক্ষেত্রে প্রতিটি সেশনে স্যান্ডর কর্তৃপক্ষ নতুন ৬ মাসের চুক্তিতে ৬০০ টাকা কমানোর প্রস্তাব দিয়েছে। বিদ্যমান চুক্তিতে স্যান্ডরের প্রতি সেশন ডায়ালাইসিস ফি ৩ হাজার ৪০০ টাকার মধ্যে রোগীরা দিচ্ছেন ৬২১ টাকা। বাকি টাকা সরকার ভর্তুকি দিচ্ছে। তবে ৬ মাসের নতুন চুক্তিতে রোগীরা দেবেন ৬০০ টাকা এবং বাকি ২ হাজার ২০০ টাকা সরকার ভর্তুকি দেবে। এতে করে প্রতি সেশনে সরকারের ভর্তুকি কমল ৬০০ টাকা আর রোগীদের কমল ২১ টাকা। চমেক হাসপাতালে স্যান্ডর কিডনি ডায়ালাইসিস সেন্টারের সেবা নেওয়া রোগী রয়েছেন ২৭৬ জন।

জানা গেছে, ঢাকায় ৫৯টি এবং চমেক হাসপাতালে ৩১টি মেশিনে ডায়ালাইসিস সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে ডায়ালাইসিসে রেফার্ড সেশন ফি নেওয়া হচ্ছে ৬২১ টাকা। বেসরকারিভাবে প্রতি ডাইলাইসিসে সেশন ফি নেওয়া হচ্ছে ৩ হাজার ৪০০ টাকা এবং সিঙ্গেল ডায়ালাইজার ফি নেওয়া হচ্ছে ১ হাজার ৩২০ টাকা। এর বাইরে মুক্তিযোদ্ধা ও অতি দরিদ্র কিছু রোগী ফ্রিতে এই সুবিধা পেয়ে থাকেন। সারা বছরে ৬৫০ জনকে ফ্রি সুবিধা প্রদানের সুযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। একজন রোগীকে প্রতি মাসে সর্বোচ্চ ৮টি সেশন দেওয়া হয়।

স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) নাজমুল হাসান দৈনিক আজাদীকে বলেন, স্যান্ডরের সাথে সরকারের চুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে। নতুন চুক্তিতে আমরা প্রতি সেশনে ৬০০ টাকা কমিয়ে দিয়েছি।

কিডনি রোগী কল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, স্যান্ডর কর্তৃপক্ষের সাথে সরকার ৬ মাস মেয়াদ বাড়ানোর কারণে কিডনি রোগীরা আগের মতো নিরবচ্ছিন্ন সেবা পাবেন। সরকারের এই উদ্যোগকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবা চালুর আগ পর্যন্ত আশা করি কিডনি রোগীরা এভাবে স্বল্প খরচে ডায়ালাইসিস সেবা পাবেন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আজাদীকে বলেন, কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখার স্বার্থে চুক্তির মেয়াদ আরো ৬ মাস বাড়ানো হয়েছে। এর মধ্যে সরকারিভাবে ডায়ালাইসিস সেন্টার চালুর প্রস্তুতি সম্পন্ন করা হবে। সরকারিভাবে ডায়ালাইসিস সেন্টার চালু হলে আমরা প্রতি সেশন ৪১৬ টাকায় রোগীদের ডায়ালাইসিস সেবা দিতে পারব।

উল্লেখ্য, ২০১৬ সালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের ১০ বছরের চুক্তি হয়। চলতি মাসের ২৯ নভেম্বর সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। গত বছরের ২৫ মে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্যান্ডরের সাথে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত হয়। ফলে চুক্তির শর্তমতে মেয়াদ শেষে স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড বিদ্যমান যন্ত্রপাতি ও জনবল নিয়ে যাবে বলে জানানো হয়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন সরকারি ভর্তুকি মূল্যে ডায়ালাইসিস সেবা নেওয়া কিডনি রোগী ও অভিভাবকরা। পরে ডায়ালাইসিস সেবা সচল রাখতে রোগীরা বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রী–এমপি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। এছাড়া ঢাকা–চট্টগ্রামে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও সমাবেশ করেন রোগী ও তাদের অভিভাবকরা।

পূর্ববর্তী নিবন্ধগভীর রাত ও ভোরে সড়কের পাশে রাখা দুটি বাসে আগুন