দেশের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত গাড়ি ও ট্রেনে আগুন, ভাঙচুর ও ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এর পাশাপাশি অনেক এলাকায় সড়ক অবরোধ করা হয়েছে। ককটেল ও পেট্রোল বোমা হামলা হয়েছে সরকারি–বেসরকারি বিভিন্ন স্থাপনায়। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এসব নাশকতার সঙ্গে জড়িত। খবর বিডিনিউজ ও বিভিন্ন সংবাদ সংস্থার।
এর মধ্যে সোমবার গভীর রাতে ফরিদপুরে একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জে আগুন দেওয়া হয়েছে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে। গতকাল দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয় কয়েকটি দোকান।
এদিকে গতকাল পর্যন্ত প্রায় ২০টির অধিক জেলায় সহিংসতা ও অবরোধের খবর পাওয়া গেছে। ঢাকাসহ অন্য জেলাগুলো হলো ফরিদপুর, বরগুনা, মানিকগঞ্জ, নওগাঁ, কিশোরগঞ্জ, নাটোর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজশাহী, কুড়িগ্রাম, ফেনী, নেত্রকোনা, খুলনা, নোয়াখালী ও লালমনিরহাট।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো রকমের অস্থিরতা, কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করা হলে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে সেটা দমন করবে। আর আইজিপি আলী হোসেন ফকির গতকাল পুলিশ সদর দপ্তর থেকে অনলাইনে সারা দেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশনা দেন। তবে গণগ্রেপ্তার না করার জন্য পুলিশ সুপারদের বলেছেন।
শ্যামলীতে যাত্রীবাহী বাসে আগুন : রাজধানীর শ্যামলীতে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। শ্যামলী শিশু মেলার কাছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে গতকাল রাত ৯টার দিকে ঠিকানা পরিবহনের বাসটিতে কে বা কারা আগুন দেয় বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে শেরে বাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম মনির বলেন, ঘটনার সময় যারা যাত্রী ছিল তারা দ্রুত বের হয়ে যায়।
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন : চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বিজিবি দায়িত্ব পালন করছে।
রাজশাহী বিমানবন্দরের ফটকে ২ গ্রেনেড : রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে দুটি গ্রেনেড উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ। গতকাল দুপুরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন বলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানিয়েছেন। একই সময়ে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে মন্ত্রীকে পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়।
মোহনগঞ্জে হাওর এঙপ্রেসে অগ্নিসংযোগ : নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এঙপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগির অন্তত চারটি আসনের রেঙিনের কভার পুড়ে গেছে। গতকাল ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাকৃবি রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা : ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তারা নিষিদ্ধ ছাত্রলীগের আনন্দ মোহন কলেজ শাখার নেতা ও কর্মী বলে জানিয়েছেন বাকৃবি শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পদ্মা সেতু অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ : শরীয়তপুরের জাজিরায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দিয়ে লগি–বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন পদ্মা দক্ষিণ থানার ওসি আব্দুল সালাম।








