দুই সন্তানকে সুস্থ করে ঘরে ফেরার আশা নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছিল কবির–আমেনা দম্পতি। কিন্তু দুদিনের ব্যবধানে ডেঙ্গু ও হামে দুই সন্তানকেই হারালেন তারা। হাসপাতালের আইসিইউ থেকে ফিরল না কেউ।
পারিবারিক সূত্র জানায়, গত দুই সপ্তাহ ধরে দুই সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন এই দম্পতি। বড় ছেলেকে হারানোর শোক কাটতে না কাটতেই চলে গেল ১০ মাসের ছোট সন্তানও। এখন দুই সন্তানকে হারিয়ে দিশাহারা মোহাম্মদ কবির ও আমেনা বেগম।
সন্তানদের বাঁচাতে চেষ্টার কোনো কমতি রাখেননি বাবা মোহাম্মদ কবির। অসুস্থ দুই ছেলেকে নিয়ে ছুটেছেন হাসপাতাল থেকে হাসপাতালে। চিকিৎসার খরচ জোগাতে করেছেন ধারদেনা। কিন্তু শেষ পর্যন্ত কোনো চেষ্টাই কাজে আসেনি। মাত্র দুদিনের ব্যবধানে ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়ে দুই সন্তানকে হারিয়েছেন তিনি। বড় ছেলের মৃত্যুর শোক সামলে ওঠার আগেই ছোট ছেলের মৃত্যু সংবাদ পুরো পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। গত রোববার রাত ২টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ১০ মাস বয়সি ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর আরবকে হারিয়েছেন কবির। বুক ভাঙা কষ্ট নিয়ে পরিচিতজনদের কাছে খবরটি জানাতে গিয়ে তিনি শুধু বললেন, ‘ভাই, আমার ছোট ছেলেটাও চলে গেছে। আধ ঘণ্টা আগে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন। আমি কী নিয়ে থাকব এখন?’
এর আগে শুক্রবার সকালে একই হাসপাতালে মারা যায় তার ১০ বছর বয়সি বড় ছেলে মোহাম্মদ আরাফাত। দুদিনের ব্যবধানে দুই সন্তানের মৃত্যুতে কবির ও তার স্ত্রী আয়েশা বেগমের জীবন উলট পালট হয়ে গেছে।
চিকিৎসকরা জানান, আরাফাত ডেঙ্গুতে আক্রান্ত ছিল। পরবর্তী সময়ে তার শরীরে হাম ও নিউমোনিয়ার উপসর্গও দেখা দেয়।
বড় ছেলেকে হারানোর শোক যখন পরিবারকে আচ্ছন্ন করে রেখেছে, তখনো ছোট ছেলে আবু বক্কর আরবের জীবন বাঁচানোর লড়াই চলছিল মা ও শিশু হাসপাতালের আইসিইউতে। কিন্তু ডেঙ্গুর পাশাপাশি হাম ও নিউমোনিয়ার উপসর্গে আক্রান্ত শিশুটিকেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
দুই সন্তানকে বাঁচাতে গিয়ে চিকিৎসার পেছনে সর্বস্বান্ত হয়েছেন কবির ও আমেনা। ধারদেনা করে হাসপাতালের খরচ জুগিয়েছেন। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটেছেন উন্নত চিকিৎসার আশায়। তাদের আশা ছিল অন্তত একটি সন্তানকে হলেও সুস্থ করে ঘরে ফিরিয়ে নিতে পারবেন। কিন্তু সেই আশাও পূরণ হলো না। দুই সন্তান নিয়ে হাসপাতালে এসেছিলেন এই দম্পতি, কিন্তু ঘরে ফিরতে হলো শূন্য হাতে।












