দোকানে ঢুকে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে চড়-থাপ্পড় দিয়ে পুলিশে সোপর্দ করেছেন চট্টগ্রাম মহানগর এনসিপির নেত্রী তানিয়া আমিন। কার্যক্রম নিষিদ্ধ স্বোচ্ছাসেবক লীগের ওই নেতার নাম খোরশেদ আলম। তিনি নগরের একটি্ ওয়ার্ডের নেতা। এনসিপি নেত্রীর অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে কুরচিপূর্ণ পোস্ট দিয়েছেন খোরশেদ।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের বাকলিয়ায় এ ঘটনা ঘটে। পুলিশ তাকে গ্রেপ্তোর করেছে।
এ ঘটনার একটি ভিডিও এনসিপি নেত্রী তানিয়া আমিন গতকাল রাতে নিজের ফেসবুকে পোস্ট করেন। সঙ্গে সঙ্গে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ‘তোর মা-বোন আছে, তোর মা-বোন আছে’-এমন প্রশ্ন করতে করতে একটি দোকানে ঢুকে খোরশেদ আলমকে চড় দিতে থাকেন তানিয়া। এ সময় তার সঙ্গীরা্ও খোরশেদের ওপর চড়াও হন। এরপর পুলিশ এসে খোরশেদকে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে এনসিপি নেত্রী তানিয়া আমিন আজাদীকে বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেই ভিডিও ডাউনলোড করে নিজের ফেসবুকে পোস্ট করে অলাশীন মন্তব্য করেন খোরশেদ আলম। তাকে পোস্টটি সরিয়ে নিতে বলা হয় পরিচিত আরেকজনের মাধ্যমে। একবার পোস্ট সরিয়ে নিয়েও তিনি আবার পোস্ট দিয়ে খারাপ মন্তব্য করেন। এরপর তার অবস্থান চিহ্নিত করে তিনি বাকলিয়া যান। সেখানে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয়দের অভিযোগ, খোরশেদ আগেও একাধিকবার এলাকায় নারী ও শিশুদের হেনস্তা করেছেন। কয়েকদিন আগে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করেন তিনি। অভিযোগটি এলাকার লোকজন জানতে পারলে খোরশেদ কিছুদিন এলাকায় আসেননি।
এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ শাহীনূর আলম বলেন, খোরশেদ আলম বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাকে পুলিশ খুঁজছিল। তাকে গ্রেপ্তার করে গতকাল আদালতে পাঠানো হয়।










