কদমতলী আবাসিক এলাকায় জ্বালানি তেলের গুদামে আগুন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

নগরের কদমতলী পোড়া মসজিদ এলাকায় জ্বালানি তেলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়। আগুনে কেউ হতাহত হননি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস–এর উর্ধ্বতন কর্মকর্তরা।

এদিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে। বিভিন্ন বাসা–বাড়ির ছাদ থেকে পানি ছিটাতে দেখা গেছে। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ঘটনাস্থলের আশেপাশে প্রচুর আবাসিক ভবন রয়েছে। অনেকটা আবাসিক এলাকার ভেতর জ্বালানির তেলের গুদামটি স্থাপন করা হয়। এছাড়া আশেপাশে আরো কয়েকটি জ্বালানি তেলের দোকান ও গুদাম রয়েছে। তাই আগুন নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি ছিল।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গুদামটিতে খোলাবাজারের মোবিল ‘অবৈধভাবে’ বোতলজাত করা হত, যে বোতলগুলোতে স্টিকার লাগানো হত বিশ্বের বিভিন্ন দামি ব্রান্ডের নামে। অর্থাৎ খোলা বাজারের মোবিলকে বিভিন্ন কোম্পানির নামে মোড়কজাত করা হত অবৈধভাবে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সেখানে পড়ে আছে বিশ্বের নামি–দামি ব্র্যান্ডের স্টিবার লাগানোর মোবিলের খালি বোতল। আবার পাশেই রয়েছে ড্রামভর্তি মোবিল।

ঘটনাসস্থল পরিদর্শন করতে আসা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন আজাদীকে বলেন, হাজার হাজার খালি বোতল পড়ে আছে। কার্টন ভর্তি খালি বোতল। আবার ড্রামে মোবিল দেখছি। বোতলে যেসব ব্রান্ডের নাম রয়েছে সেগুলো তো দেশের বাইরে থেকে মোবিলসহ আসে। এখন যেহেতু খালি, তাই এটাই স্পষ্ট তারা এখানে খোলা মোবিল বোতলগুলোতে ভরে বাইরে সাপ্লাই করে। অর্থাৎ এখানে নকল করা হয়। তিনি বলেন, এটা একটা আবসিক এলাকা। এখানে এভাবে লুব্রিকেন্ট আইটেম বা জ্বালানির গুদাম থাকে কীভাবে? আজকে ফায়ার সার্ভিস যদি সময় মত না আসত তাহলে তো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত।

রাজ খান নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, সাড়ে ৬টার দিকে আগুন লাগে। সাথে সাথে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস এসে যোগ দেয়। তিনি বলেন, আবাসিক এলাকার ভেতর এভাবে মবিলের গোডাউন থাকা মানে তো তা পুরো এলাকার জন্যই ঝুঁকিপূর্ণ। এটা সরিয়ে নেয় উচিত।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, শুরুতে তেলের দোকানে আগুন শুনে আমরা আসি। এসে দেখতে পাই সেখানের তেলের গুদাম। পরে আমরা আবার ফোম নিয়ে আসি। তারপর অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি বলেন, সাড়ে ৬টায় আমরা আগুনের খবর পাই। দ্রুত ঘটনাস্থলে এসে ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। রাত ৮টা ৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপন করা হয়। ঘটনস্থলে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি বলেও জানান তিনি। আগুন নিয়ন্ত্রণে নন্দনকান ফায়ার স্টেশনের ২টি ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৩টি ইউনিট কাজ করে।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সুরাহা হবে : জয়সওয়াল
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা বরদাশত করা হবে না