নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা বরদাশত করা হবে না

মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চোরাগোপ্তা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর ষোলশহর ২ নং গেট মোড়ে গতকাল সকালে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শফিউল আলম শফি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ নুরুল কবির পলাশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। তিনি বলেন, ‘চোরাগোপ্তা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে কোনো রাজনৈতিক অপশক্তি তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল, কামরুল হাসান, সদস্য আব্দুল মান্নান, জাফর হোসেন রনি, ইব্রাহিম খলিল, খোরশেদ আলম টিটু, জাবেদ শাফায়াত সোবহান, বায়োজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ পারভেজ। প্রতিবাদ মিছিল ও সমাবেশে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ চট্টগ্রাম মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উত্তর কাট্টলীতে বিক্ষোভ মিছিল : মুনসুরাবাদ, আকবর শাহ থানা ও পাহাড়তলী থানা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে উত্তর কাট্টলীতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।

উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক উদ্দীনের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সদস্যসচিব সেলিম উদ্দীনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সদস্যসচিব মাইনুদ্দীন চৌধুরী মাইনু, বিএনপি নেতা সামসুল আলম, কুতুব উদ্দীন, মহানগর যুবদল সহসভাপতি সাহেদ আকবরর,বিএনপি নেতা মহসিন তালুকদার, আয়ুব খান, ফরিদুল আলম, মোজাহের আলম, মহিউদ্দীন চৌধুরী রিপন, নাজিম উদ্দীন, দিদারুল আলম, জহির উদ্দীন বাবলু ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি সিরাজ উদ্দীন।

নেতৃবৃন্দ বলেন, জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো নাশকতা বরদাশত করা হবে না। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধকদমতলী আবাসিক এলাকায় জ্বালানি তেলের গুদামে আগুন
পরবর্তী নিবন্ধসেই শরীফ ফিরলেন দুদকে, পাবেন বকেয়া বেতন-ভাতাও