চট্টগ্রাম, পার্বত্য জেলা ও কক্সবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, সড়কে টায়ার জ্বালানো, বাস–ট্রাকে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে নাশকতার চেষ্টা করা হয়েছে। এসব নাশকতা চেষ্টার ঘটনায় হাটহাজারী, আনোয়ারা, খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, কক্সবাজারে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রলীগের অন্তত ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে জানা যায়, খাগড়াছড়ির গুইমারায় ওয়ার্ড বিএনপির কার্যালয় এবং পানখাইয়া সড়কে দাঁড়িয়ে থাকা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। রাঙামাটিতে বন বিভাগসহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। কক্সবাজারে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগানোসহ বাস–ট্রাকে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। হাটহাজারীতে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে ও যানবাহনে অগ্নিসংযোগ এবং ভাংচুর চালিয়ে কর্মসূচি পালনের চেষ্টা চালিয়েছে। আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের শাখায় রাতের আঁধারে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। কর্ণফুলীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটকে তালা লাগানোর ঘটনা ঘটেছে। চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটক এবং চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। গুইমারা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, সোমবার রাতে কে বা কারা হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওর্য়াড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে যাবতীয় আসবাবপত্রসহ কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে মঙ্গলবার ভোরের দিকে খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটা চাঁদের গাড়িতে (জিপ) কে বা কারা আগুন দেয়। পানখাইয়া সড়কের কেএসটিসি হাসপাতালের সামনে এই ঘটনায় গাড়িটি পুড়ে গিয়ে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। জিপ গাড়িটির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে ১০ থেকে ১২ জন লোক এসে তার গাড়িতে আগুন দেয়। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন গাড়িটি পুড়ে যাওয়ায় দিশেহারা এই গাড়ির মালিক বলেন, তার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া সোমবার মধ্যরাতে জেলার দীঘিনালা সড়কের সাত মাইল ও মাটিরাঙা সড়কের রিছাং ঝরনা এলাকায় গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। তারাই শহরের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
রাঙামাটিতে একটি ভিডিওটিতে দেখা যায়, রাঙামাটি বন বিভাগের গেইট, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, মুজাদ্দেদ–ই আলফেসানী একাডেমি ও বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটে মাস্ক পরা কয়েকজন ব্যক্তি তালা লাগাচ্ছে এবং অন্য একজন সেই দৃশ্য ধারণ করছে। এ ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহড়া দেন। এসময় তারা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এ ধরনের কর্মকাণ্ড যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন। পরে হাঁতুড়ি দিয়ে বিভিন্নপ্রতিষ্ঠানের ফটকে লাগানো তালা ভেঙে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরে তালা লাগানোর একটি ভিডিও আমাদের নজরে এসেছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে কক্সবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, সড়কে টায়ার জ্বালানো, বাস–ট্রাকে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। কক্সবাজার প্রতিনিধি জানান, রামু বাইপাস গেটে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে, পোস্টার লাগিয়ে এবং যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর চালিয়ে কর্মসূচি পালনের চেষ্টা চালিয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, পৌরসভার আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উচ্চ বিদ্যালয় গেইটে তালা ঝুলিয়ে এবং হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাচীরে পোস্টার লাগাতে দেখা গেছে।
উপজেলার কাটিরহাট বাজারে কাটিরহাট–নন্দীরহাট গামী একটি বাসে মঙ্গলবার ভোররাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপণ করে। এছাড়া চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী অংশে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা দুটি বাসে ভাঙচুর চালিয়েছে। এসময় পুলিশ হামলাকারীদের ধাওয়া করে ৩ জনকে হাতেনাতে আটক করে। তাদের কাছ থেকে দুটি পেট্রল বোমাও উদ্ধার করা হয়েছে। হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান পেট্রোল বোমাসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ কর্মী আটকের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
চকরিয়া প্রতিনিধি জানান, চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটক এবং চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় এসব প্রতিষ্ঠানের সামনে ব্যানারও টাঙিয়ে দেওয়া হয়। সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ছাত্রদলের কর্মীরা সেখানে গিয়ে ছাত্রলীগের লাগানো ব্যানারটি অপসারণ করে ফেলে। সোমবার দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। এদিকে এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের অপর ভিডিওতে চকরিয়া সিটি কলেজ, কাকারা মাধ্যমিক বিদ্যালয়, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ও চকরিয়া পৌর আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ব্যানার টাঙানোর দৃশ্য দেখা যায়। অন্যদিকে উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝোলানোর ২৫ সেকেন্ডের ভিডিওতে দুজন যুবককে দেখা গেছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ব্যানার টাঙিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো খুলে ফেলা হয়েছে। কারা এ কাজ করেছে, তাদের শনাক্ত করতে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, উপজেলা পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝোলানোর বিষয়টি তারা অবগত হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযানও চলছে।
কর্ণফুলী প্রতিনিধি জানান, কর্ণফুলীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটকে তালা লাগানোর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার উপজেলার কালারপোল হাজী ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ সেন তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের শাখায় রাতের আঁধারে দুর্বৃত্তের অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। একই সাথে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালনের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। গত সোমবার মধ্যরাতে বারখাইন ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে পটিয়া–আনোয়ারা–বাঁশখালী (পিএবি) সড়কে ঝিওরী মাজার গেট এলাকায় অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বে অবরোধকারীরা পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখার ব্যবস্থাপক আনিক বিন রশীদ সাংবাদিকদের বলেন, ব্যাংকে দুর্বৃত্তের আগুন দেওয়ার এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানায়, গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রাতে দুর্বৃত্তের নাশকতা চেষ্টার ঘটনা ও সড়ক অবরোধের চেষ্টার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ পৌঁছার মুহূর্তে অবরোধকারীরা বাইক যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এছাড়া গত সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের তিন জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।
রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি প্রতিনিধি জানান, ফটিকছড়িতে ফটিকছড়ি সরকারি কলেজসহ বেশ কয়েকটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর ২ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, পুলিশ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত আছে এবং নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনার পর ২ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।











