অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা সরকার কঠোর হাতে দমন করবে

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক না । দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

দেশে কোনো রকমের অস্থিরতা, কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করা হলে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে সেটা দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী দলের নেতা পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে অভিযোগ তোলেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দেশে শিল্পবান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করব। কোনো রকমের অস্থিরতা আমরা এখানে ঘটতে দেব না। কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করলে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে সেটা দমন করবে। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।

দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুয়েকটি ঘটনার কারণে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যৌক্তিক নয়। তিনি বলেন, তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা তাদের সহযোগীদের সক্রিয় করার চেষ্টায় সীমান্তের ওপার থেকেও ইন্ধন দেওয়া হচ্ছে।

ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) এলাকায় তিনজনের মধ্যে দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্য একজন পালিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের কারণে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না। একইভাবে রাতে বা ভোরে চালক ও সহকারী না থাকা পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকেও সামগ্রিক রাজনৈতিক অস্থিতিশীলতার প্রমাণ হিসেবে দেখতে নারাজ তিনি।

মন্ত্রী বলেন, সুতরাং এই দুয়েকটা সিম্বলিক ঘটনাকে একত্রিত করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়, এইটা আমার মনে হয় যৌক্তিক না। তার কথায়, এ ধরনের একটি কর্মসূচি মঙ্গলবারও ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কর্মসূচির প্রচার দেখা গেলেও রাজপথে তার প্রতিফলন নেই।

সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হাতবোমা বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের সাম্প্রতিক ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার অভিযোগ করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাখ্যা দাবি করলে মন্ত্রী এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতার উদ্বেগ প্রকাশকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদল হিসেবে ব্যর্থ হতে না চাওয়ার যে অবস্থান শফিকুর রহমান তুলে ধরেছেন, সেটিকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। সরকার সবসময় বিরোধীদলের সক্রিয়তা ও সহযোগিতা চায়। আগেও এ সহযোগিতা পাওয়া গেছে।

তিনি বলেন, কিছুদিন ধরে দেশকে অস্থিতিশীল করার জন্য কিছু চক্রান্ত পতিত ফ্যাসিস্ট শক্তির পক্ষ থেকে হচ্ছে, এটা দৃশ্যমান। কিন্তু দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে, এর পিছনে ইন্ধন আছে সীমান্তের ওপার থেকে।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে সংসদে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সরকার সফলভাবে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে। উসকানির মুখেও অতিরিক্ত বল প্রয়োগ করা হয়নি। কোনো কোনো ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেরাই আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানি দিয়ে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছিল, যাতে তারা অতিরিক্ত বল প্রয়োগ করে। এরপর সেই ঘটনাকে কাজে লাগিয়ে দেশে আরও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ছিল। আমরা অত্যন্ত সচেতনভাবে সেটার সুযোগ দেইনি। আমরা মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করিনি।

পোশাকশিল্পের মালিক, দেশি–বিদেশি বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করবে। এই দেশে শিল্পবান্ধব সমস্ত পরিবেশ আমরা নিশ্চিত করব, কোনো রকমের অস্থিরতা আমরা এখানে করতে দেব না।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে
পরবর্তী নিবন্ধবিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও গাড়িতে আগুন দিয়ে নাশকতার চেষ্টা