চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, বিক্ষোভ মিছিল, সড়কে টায়ার জ্বালানো, বাস-ট্রাকে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত পাওয়া সংবাদ অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি ও কক্সবাজারের চকরিয়ায় অন্তত ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়ার খবর পাওয়া গেছে। রাঙামাটিতেও আদালত ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়া হয়েছে। এসব ঘটনার মধ্যে চট্টগ্রামে তিনজন এবং খাগড়াছড়ির গুইমারায় ছয়জনকে আটকের খবর পাওয়া গেছে।
আজাদীর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
কক্সবাজারে পেট্টোল বোমা নিক্ষেপ
আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, রামু বাইপাস গেটে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে, চকরিয়া ইউএনও কার্যালয়সহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যরাতে তালা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।
এ ছাড়া, সদরের চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ গেট, ওই এলাকার গ্রামীণ ব্যাংকের গেট, চকরিয়ার কৈয়ারবিল ও টেকনাফের শাপলাচত্বরসহ বিভিন্ন এলাকায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করা হয়।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি না হলেও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির জানান, পেট্রোল বোমা নিক্ষেপ করে নাশকতার চেষ্টা চালানো অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ার জানান, রাতের আধাঁরে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউএনও কার্যালয়ের গেটের বাইরে তালা দেয়া হয়েছিল। পরে পুলিশের সহযোগিতায় তালা খুলে দেয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে।
ফটিকছড়িতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, মিছিল
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সোমবার দিবাগত রাতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা লাগানো হয়। প্রতিষ্ঠানগুলো হলো ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চবিদ্যালয়, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় এবং দৌলতপুর সৈয়দ-সৈয়দা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়।
মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানগুলোর ফটকে তালা ও ধর্মঘটের পোস্টার দেখা যায়। একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়। ভোরে গহিরা-ফটিকছড়ি সড়কের লেলাং চাড়ালিয়াহাট মোড়ে মিছিল করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকাতেও মিছিলের খবর পাওয়া গেছে।
এ ছাড়া ভূজপুর-কাজিরহাট সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার বিষয়টি তাঁর জানা ছিল না। জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
আনোয়ারায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মঙ্গলবার ভোরে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের শোলকাটা এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন একদল যুবক। তাঁরা ছাত্রলীগ ও শেখ হাসিনার নামে স্লোগান দেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা সরে যান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। অন্যদিকে আনোয়ারার বারখাইন ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাংকটির কিছু নথিপত্র পুড়ে যায়।
চট্টগ্রাম নগরে বাস-ট্রাকে আগুন, হাটহাজারীতে আটক ৩
চট্টগ্রাম নগরের খুলশীর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পুলিশের জব্দ করা একটি ট্রাকে আগুন দেওয়া হয়। আকবর শাহ থানার অধীন সিটি গেটের মনসুরাবাদ এলাকায় একটি বাসেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দুটি বাস ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
রাঙামাটিতে আদালত ও সরকারি প্রতিষ্ঠানে তালা
রাঙামাটি শহরে জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসের ফটকে তালা দেওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানের ফটকে তালা দেখতে পান।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জসীম উদ্দীন জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তাঁদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট কার্যালয়গুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন, আটক ৬
খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়টি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ছয়জনকে আটক করার খবর প্রকাশিত হয়েছে।
এ ছাড়া খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া সড়কে কেএসটিসি হাসপাতালের সামনে রাখা একটি চাঁদের গাড়ি আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।











