ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে

সংসদে আইনমন্ত্রী

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

ধর্ষণ মামলা ছাড়া হত্যা মামলাসহ অন্য যেকোনো মামলা রাজনৈতিক কারণে করা হয়ে থাকলে, তা যাচাই করে প্রত্যাহারের কথা বলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা সরকার প্রত্যাহার করেছে বলেও তথ্য দিয়েছেন তিনি। মন্ত্রী বলেছেন, আরও যেসব মামলা রয়েছে, সেগুলো যাচাই করে রাজনৈতিক হয়রানির জন্য করার প্রমাণ মিললে প্রত্যাহার করা হবে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিচ্ছেলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আইনমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে এখনো মামলা আছে, শুধুমাত্র রেপ কেস বাদে অন্য যেকোনো ধরনের মামলা– হত্যা মামলা হলেও সেটা যদি রাজনৈতিক নেচারে হয় এবং আমাদের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আসে, আমরা সেটা প্রত্যাহার করে দেব।

চাঁপাইনবাবগঞ্জ–১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে রাজনৈতিক মামলা প্রত্যাহারের তথ্য তুলে ধরেন তিনি। এই এমপি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে সারাদেশে বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা করা হয়েছে। এসব মামলার অনেকগুলো এখনো নিষ্পত্তি হয়নি। ফলে হাজার হাজার নিরপরাধ মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।

এসব মামলা কেন এখনো নিষ্পত্তি হয়নি, কবে নাগাদ নিষ্পত্তি হবে এবং এ বিষয়ে সরকারের কোনো রোডম্যাপ রয়েছে কি না, তা জানতে চান কেরামত আলী। জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কাজ অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম আরও গতিশীল করতে উদ্যোগ নিয়েছে। এ জন্য গত ৫ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

আইনমন্ত্রী বলেন, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। নতুন আবেদন পাওয়া গেলে জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সম্পূরক প্রশ্নে নোয়াখালী–২ আসনের বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক নিজের বিরুদ্ধে থাকা মামলার কথা বলেছেন। তিনি বলেন, ‘আমার নামে আছে ৮৬টা মামলা, ৮৬।’

বিগত সরকারের বিরোধিতা করে সংসদে বক্তব্য দেওয়ার কারণে একই দিনে ৬৪ জেলায় তার বিরুদ্ধে ৬৪টি মামলা হওয়ার কথা বলেছেন বিএনপির এ এমপি। এসব মামলা এখনো প্রত্যাহার না হওয়ার কথা তুলে ধরে ফারুক বলেন, সে মামলাগুলো উইথড্র তো দূরের কথা, এত লেখালেখির পরও এখনো উইথড্র হয় নাই।

সরকার যে ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহারের কথা বলছে, সেগুলোর বিস্তারিত তালিকা সংসদে উপস্থাপনের দাবি জানান তিনি। কোন জেলা, থানা, উপজেলা ও ইউনিয়নে কত মামলা প্রত্যাহার হয়েছে, সেই তথ্য পরবর্তী অধিবেশনে জানাতে আইনমন্ত্রীকে করেন জয়নুল আবদিন ফারুক। বিশেষ করে তরুণ এমপিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হয়েছে কি না, তা জানতে চান তিনি।

জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কোনো মামলা দায়েরের সময় সেটি রাজনৈতিক মামলা কি না, তা আলাদা করে লেখা থাকে না। এ কারণে রাজনৈতিক হয়রানির শিকার নেতা–কর্মীদের নির্ধারিত ফরমে মামলা প্রত্যাহারের আবেদন করতে বলা হয়েছে। তিনি বলেন, এমপি সাহেবের নামে যদি মামলা থাকে, আমি ওনাকে অনুরোধ করব, অতি দ্রুত আপনি এই দরখাস্ত করেন, আমরা সেই মামলা প্রত্যাহার করে নেব।

আ. লীগের সময়কার গুম–খুনে ১৮৮৩ মামলা : আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়কার হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগে জুলাই অভ্যুত্থানের পর দেশে ১ হাজার ৮৮৩টি মামলা হওয়ার তথ্য দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এসব মামলার মধ্যে ২৯৩টির তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ৯১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকি ১ হাজার ৪৯৯টি মামলার তদন্ত চলছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দায়ের করা ১ হাজার ৮৮৩টি মামলার মধ্যে হত্যা মামলা ৮০৫টি। অন্য ধারায় মামলা হয়েছে ১ হাজার ৭৮টি। ইতোমধ্যে ৯৮টি হত্যা মামলাসহ মোট ২৯৩টির তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এসব মামলার বিচারকাজ চলছে।

এর আগে গত ৩০ এপ্রিল সংসদে আইনমন্ত্রী জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর ১ হাজার ৮৫৫টি মামলা হয়েছে। তখন ১৫৮টি মামলার অভিযোগপত্র দেওয়ার কথা বলা হয়েছিল। সেই হিসাবে মোট মামলা বেড়েছে ২৮টি। অভিযোগপত্র জমা পড়া মামলার সংখ্যা বেড়ে হয়েছে ১৩৫।

পূর্ববর্তী নিবন্ধসেই শরীফ ফিরলেন দুদকে, পাবেন বকেয়া বেতন-ভাতাও
পরবর্তী নিবন্ধঅস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা সরকার কঠোর হাতে দমন করবে