যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা করেন। তবে স্বর্গে যাওয়ার জন্য যদি তার রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি ভালোবাসা ও ক্ষমাশীল মনোভাব দেখাতে হয়, তাহলে তিনি তা পারবেন না। রোববার রাতে সমপ্রচারিত সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে সাংবাদিক রস ডাউথ্যাট নেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ট্রাম্প। খবর বিডিনিউজের।
মৃত্যুর পর কী ঘটবে বলে তিনি মনে করেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি একজন ধর্মবিশ্বাসী মানুষ। তাই তাত্ত্বিকভাবে আমি স্বর্গে যাব।’ এরপর ডাউথ্যাট তাকে প্রশ্ন করেন, ‘ধরা যাক, আপনার মৃত্যু হয়েছে এবং আপনি পরকালে প্রবেশ করছেন। স্বর্গে যাওয়ার জন্য আপনার শুধু একটি কাজ করতে হবে–জেমস কোমি, ন্যান্সি পেলোসি কিংবা বছরের পর বছর যাদের প্রতি আপনি ঘৃণা প্রকাশ করেছেন, তাদের ভালোবাসতে হবে এবং ক্ষমা করতে হবে। আপনি কি তা পারবেন?’ জবাবে ট্রাম্প বলেন, ‘তাহলে তো আমি আর প্রকৃত আমি থাকব না, তাই নয় কি?’ এ সময় তিনি ওই ব্যক্তিদের ‘চরম অসৎ’, ‘খুব খারাপ মানুষ’ এবং ‘আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকর’ বলে মন্তব্য করেন। ডাউথ্যাট আবার জানতে চান, তাহলে উত্তর ‘না’? ট্রাম্প বলেন, উত্তর ‘না’। আমি সত্যি কথা বলতে চাই, না।
সেই অনুষ্ঠানে ট্রাম্প আরো বলেন, তার অভিবাসনবিরোধী দমনাভিযান ‘খুব কঠোর’ ছিল আর এটি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে ভূমিকা রেখেছে। বিবিসি লিখেছে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের পর থেকে তার রাজনৈতিক কর্মসূচীর অন্যতম প্রধান ও নির্ধারণী মূলনীতি থেকে ট্রাম্পের প্রকাশ্যে পিছু হটার অন্যতম সবচেয়ে স্পষ্ট নজির এটি। ট্রাম্প এমন কথা বললেও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, তারা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের পথ থেকে সরে আসছে না।












