নতুন করে কোনো প্রতিশ্রুতি নয়, বরং পুরনো প্রতিশ্রুতির বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় শুরু হয়েছে ‘বিশ্ব জলবায়ু সম্মেলন’ বা কপ ৩১। বিশ্বের ১৯৭টি দেশের শতাধিক রাষ্ট্রপ্রধান, লাখো অংশগ্রহণে বৈশ্বিক তাপমাত্রা কমানোর ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতিই এই সম্মেলনের মূল লক্ষ্য। পাশাপাশি ভবিষ্যতে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে বৈশ্বিক উষ্ণতা হ্রাস, ক্ষতিপূর্ণ তহবিল চালুকরণের বিষয়টিও আলোচনার টেবিলে রাখা হয়েছে। বিশ্বব্যাপী জলবায়ু সংকটের যৌথ সমাধান ও পরিবেশগত টেকসই নীতি বাস্তবায়নের লক্ষ্যে সম্মেলনে কথা বলবেন রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। খবর বিডিনিউজের।
আন্তালিয়া এক্সপো সিটির ব্লু জোন ও গ্রিন জোন সাজানো হয়েছে। পতপত করে উড়ছে অংশগ্রহণকারী দেশের পতাকা। বিভিন্ন দেশের নাগরিক সমাজের প্রতিনিধি, পরিবেশ কর্মীরা শরীরে, পোশাকে ধরিত্রী রক্ষার আহ্বান জানিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন।
কূটনৈতিক ব্লু জোনে রাষ্ট্রগুলো সংলাপে বসেছে। আর গ্রিন জোনে পরিবেশবাদী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অভিঘাত, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশের ক্ষতিপূরণ প্রদান নিয়ে ছোট ছোট আলোচনা করছেন। দুটি জোনেই খাদ্য, কৃষি ও স্বাস্থ্য বিষয়ে আলোচনা ও সংলাপ চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে টেকসই জলবায়ুর প্রতিশ্রুতির সঙ্গে বরাবরের মতো বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সীমাবদ্ধ রাখার প্রত্যয় করা হয়েছে। কপ–৩১ এর সভাপতি তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাত কুরুম সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোকে জলবায়ু অর্থায়ন, বিদ্যুতায়ন এবং প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জোর দাবি জানান। মুরাত কুরুমের কণ্ঠে আশ্বাস লক্ষ্য করা গেছে।
তিনি বলেছেন, ‘এবারের সম্মেলনকে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তুরস্ক কার্যকর ও বাস্তব রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ আলোচনা ও ঐকমত্যের মাধ্যমে জলবায়ু প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তব ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জলবায়ু সংকট কোনো ভৌগোলিক সীমানা চেনে না। বিশ্বব্যাপী জলবায়ু সমস্যা নিয়ে নানা আলোচনা হচ্ছে। আমরা চাই তা বাস্তবায়ন হোক।












