দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত কর্মপরিকল্পনা প্রয়োজন

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:০৩ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়ধসসহ বহুমাত্রিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় তরুণ স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব ও অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা প্রচার, জনসচেতনতা সৃষ্টি এবং কমিউনিটি পর্যায়ে প্রস্তুতি জোরদারে প্রশিক্ষিত তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

তিনি গত বৃহস্পতিবার নগরীর এক হোটেলে ‘আগাম দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের কণ্ঠস্বর ও নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপদান’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এ সংলাপের আয়োজন করে। ডা. শাহাদাত বলেন, ‘দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রশিক্ষিত তরুণ স্বেচ্ছাসেবকদের আগাম সতর্কবার্তা প্রচার, জনসচেতনতা সৃষ্টি ও কমিউনিটি পর্যায়ে প্রস্তুতি জোরদারের কাজে সম্পৃক্ত করতে হবে। তাঁদের কার্যক্রমকে স্থানীয় সরকারের নিয়মিত দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করা জরুরি।’

পত্রিকান্তরে প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশে বন্যা সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি করলেও মানুষের প্রাণ সবচেয়ে বেশি কেড়ে নিচ্ছে বজ্রপাত। প্রতিবছর বজ্রপাতে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে। গত এক দশকের মধ্যে কোনো কোনো বছর প্রাণহানির সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। ২০২১ সালে সর্বোচ্চ ৪২৭ জনের মৃত্যু হয়। আর গত পাঁচ বছরে দেশে ছয় ধরনের দুর্যোগে নিহত দুই হাজার ৫৩৩ জনের মধ্যে এক হাজার ৫৩০ জন মারা গেছে বজ্রপাতে, যা মোট মৃত্যুর প্রায় ৬০ শতাংশ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তবে এই প্রাণঘাতী দুর্যোগ মোকাবেলায় মাঠ পর্যায়ে কার্যকর নিরাপত্তাব্যবস্থা পর্যাপ্ত নয়। বজ্রপাতের পূর্বাভাস থাকলেও তা সময়মতো কৃষক ও জেলেদের কাছে পৌঁছে না। নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ এবং আহত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে। অন্যদিকে বজ্রপাতের প্রবণতা বৃদ্ধির পেছনে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নকে অন্যতম কারণ হিসেবে দেখছেন গবেষকরা। গবেষকদের সুপারিশ অনুযায়ী, সরকার বজ্রপাত কমাতে সারা দেশে তালগাছ রোপণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ১৫ জেলায় বিশেষ আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে। সংসদ সচিবালয় জানিয়েছে, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ছয় ধরনের দুর্যোগের প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে প্রতিবেদনটি তৈরি করেছে মন্ত্রণালয়। প্রতিবেদনে দুর্যোগ ব্যবস্থাপনায় অগ্রাধিকার তালিকার প্রথমে রয়েছে বজ্রপাত। সেখানে বলা হয়েছে, গত পাঁচ বছরে বজ্রপাতে মারা গেছে এক হাজার ৫৩০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫৪ জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে। এই সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এক লাখ ২৪ হাজার ৪৮৬টি। বন্যায় ১৯৭ জন, পাহাড়ধসে ৯০ জন, ঘূর্ণিঝড়ে ৫২ জন এবং ভূমিকম্পে ১০ জন মারা গেছে।

বিশেষজ্ঞরা বলেন, দুর্যোগ প্রশমনের ক্ষেত্রে আন্তর্জাতিক কৌশলগুলোর একটি হলো জনসম্পৃক্ততা বাড়ানো। জনসম্পৃক্ততা বাড়ানোর পূর্বশর্ত হলো জনগণকে সচেতন করে তোলা। এজন্য পূর্বাভাস ও প্রস্তুতির পরামর্শ যথাসময়ে দেয়া প্রয়োজন। কিন্তু বেশির ভাগ প্রায় ৯৫ শতাংশ কৃষক কোনো আগাম তথ্য ছাড়াই চাষাবাদ করেন বলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) গবেষণায় বলা হয়েছে। যে কারণে প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতি এখনো অনেকটা ত্রাণকেন্দ্রিক। দুর্যোগঝুঁকি হ্রাসের এই সংস্কৃতি এড়ানো প্রয়োজন এবং এই প্রচেষ্টায় উন্নয়ন ও আর্থিক বৈষম্য দূর করে সমতা আনার মতো বিষয়গুলোর সন্নিবেশ করা প্রয়োজন। দুর্যোগ হ্রাস বা প্রশমনের জন্য সরকারের নীতিগুলো সমন্বয়; দুর্যোগ মোকাবিলায় সর্বস্তরে পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করা; দুর্যোগ–পরবর্তী ত্রাণ ও পুনর্বাসনের সমন্বয়; দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোর মাধ্যমে নাগরিক সম্পৃক্ততা বাড়ানো এবং নাগরিকদের আর্থিক সচ্ছলতার মধ্য দিয়ে প্রাকৃতিক দুর্যোগঝুঁকি প্রশমন করা সম্ভব। তাঁরা বলেন, দুর্যোগ প্রশমন ও মোকাবিলার সঙ্গে অর্থনীতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সব ধরনের দুর্যোগেই দরিদ্ররা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য তাদের প্রশমন ও মোকাবিলা সক্ষমতা কম। ফলে দুর্যোগ ব্যবস্থাপনায় ভুক্তভোগীদের অংশগ্রহণ নিশ্চিত করে নীতি প্রণয়ন এবং মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে সমতা আনার মধ্য দিয়েই দুর্যোগ প্রশমনের কাজটি নিশ্চিত করা সম্ভব। তাঁরা বলেন, বজ্রপাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে তথা দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত কর্মপরিকল্পনা প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬
পরবর্তী নিবন্ধএই দিনে