ইরানে প্রবেশের স্থলপথগুলো অবরুদ্ধ করতে একটি টাস্ক ফোর্স গঠন করতে চলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ওই সব পথ দিয়ে অস্ত্র এবং অবৈধ সামগ্রী পাচার হয়। তা রোধ করার পথ খুঁজতেই ওই টাস্ক ফোর্স গড়তে চায় প্রশাসন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার শনিবার এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে এই পরিকল্পনার কথা সবাইকে জানিয়েছেন। নয় মাস ধরে চলা রক্তক্ষয়ী ইরান যুদ্ধের আবহে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। খবর বিডিনিউজের।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ফ্লোরিডা ভিত্তিক এই বিশেষ টাস্কফোর্সে ২০ জন সামরিক ও অসামরিক সদস্য থাকবেন। মার্কিন সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে এই টাস্কফোর্স ইরান ও তার সীমান্তবর্তী স্থলপথ এবং কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্রশস্ত্র, দ্বৈত ব্যবহার্য প্রযুক্তি, নিষিদ্ধ সামগ্রী ও বেআইনি অর্থের লেনদেন বা পাচার কঠোর হাতে দমন করবে।
ব্র্যাড কুপারের মতে, ইরানের বিরুদ্ধে এই নতুন নিষেধাজ্ঞা ও নজরদারি ব্যবস্থা তেহরানের সন্ত্রাসবাদে অর্থ সাহায্য, অস্ত্র কারখানাগুলোর পুনর্নির্মাণ এবং সামরিক অস্ত্রভাণ্ডার পুনরায় সমৃদ্ধ করার ক্ষমতা অনেকটাই সীমিত করবে।
গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ট্রাম্প প্রশাসন চায়, ইরান যেন কোনও ভাবেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে না–পারে। যদিও যুক্তরাষ্ট্রের শর্তে এখনও রাজি নয় ইরান। দু’পক্ষ আলোচনায় বসলেও মতবিরোধের কারণে এখনও দু’দেশের মধ্যে কোনও চূড়ান্ত সমঝোতা হয়নি। তার মধ্যেই হরমুজে ইরানের সব বন্দর অবরোধ করে মার্কিন নৌবাহিনী।











