কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৮:৪৭ পূর্বাহ্ণ

দেশের অন্যতম প্রধান পর্যটন নগরী কক্সবাজার শহরের জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। চলমান প্রকল্পের পাশাপাশি নতুন করে আরও কয়েকটি বড় প্রকল্প গ্রহণের প্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। গতকাল জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে দেওয়া লিখিত উত্তরে এ তথ্য জানানো হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মন্ত্রী অনুপস্থিত থাকায় তার পক্ষে প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী শাহে আলম। খবর বাংলানিউজের।

সংরক্ষিত মহিলা আসন–২১–এর সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্নার লিখিত প্রশ্নের জবাবে কক্সবাজার শহরের জলাবদ্ধতা নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিবরণ তুলে ধরা হয়। প্রশ্নে তিনি শহরের জলাবদ্ধতা ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার সমস্যা সমাধানে আধুনিক ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ এবং বিদ্যমান ড্রেন সংস্কারে সরকারের পদক্ষেপ জানতে চান। লিখিত জবাবে জানানো হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বাস্তবায়নাধীন ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’–এর অধীনে কঙবাজার পৌরসভায় ২৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে রাস্তা সমপ্রসারণ, ড্রেন, স্ট্রিট লাইট ও ফুটপাত নির্মাণের কাজ চলছে।

এ ছাড়া একই প্রকল্পের আওতায় ২০২৬–২৭ অর্থবছরে আরও ৮০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন স্কিম গ্রহণের পরিকল্পনা রয়েছে। এসব কাজের দরপত্র ২০২৭ সালের জানুয়ারিতে আহ্বান করা হতে পারে।

পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’–এর আওতায় কঙবাজার পৌরসভায় ৩ দশমিক ১৩ কিলোমিটার নতুন ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব ড্রেনের মাধ্যমে বাঁকখালী নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এ প্রকল্পে ৬৬৬ মিটার খাল পুনঃখনন, ১০টি আরসিসি বঙ কালভার্ট, ক্যাচ পিট, পাইপ, স্ল্যাব, ম্যানহোল ও ১৪০ মিটার লিংক রোড নির্মাণের সংস্থান রাখা হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ টাকা।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানানো হয়, কক্সবাজার পৌরসভার বর্তমান চাহিদার ভিত্তিতে আরও ৯টি উপপ্রকল্প গ্রহণের প্রস্তাব রয়েছে। এর মধ্যে সাতটি সড়ক ও ড্রেন উন্নয়ন এবং দুটি ড্রেন নির্মাণ ও পুনর্বাসনসংক্রান্ত। এসব উপপ্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ১০৭ কোটি টাকা। এ ছাড়া ‘লোকাল গভর্নমেন্ট কোভিড–১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’–এর আওতায় স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে ‘বটম–আপ অ্যাপ্রোচ’ অনুসরণ করে বিভিন্ন উন্নয়নমূলক উপপ্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় কঙবাজার পৌরসভায় ইতোমধ্যে ১ দশমিক ৭১ কিলোমিটার রাস্তা ও ১ দশমিক ৬৯ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে আরও শূন্য দশমিক ৮৪ কিলোমিটার রাস্তা এবং শূন্য দশমিক ৪৮ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়ল ৩০ হাজার ডলার পর্যন্ত