সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির অভিযোগে মো. হৃদয় আহম্মেদ ওরফে ‘বুলেট’ (২৫) নামের এক কিশোর গ্যাং নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার দিবাগত রাত ১২টায় তাকে নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। আজ বুধবার সকাল ১০টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল পিপিএম।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার হৃদয় চট্টগ্রাম জেলার রাউজানর ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার মো. বাদশা মিয়ার ছেলে। এলাকায় তিনি একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, সামনে একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র সারিবদ্ধভাবে সাজিয়ে রেখে অপর এক ব্যক্তিকে হুমকি দিচ্ছেন হৃদয়। ভিডিওটি ছড়িয়ে পড়লে চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসে।
এ ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নোয়াখালীর কবিরহাটে অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে এর আগেও রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির দুটি মামলা রয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হয়েছিল। ‘
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় পুলিশকে জানায়, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজান নোয়াপাড়া এলাকার কামালের। এর আগে কামালও গ্রেপ্তার হয়েছিলেন। জিজ্ঞাসাবাদে হৃদয় সরাসরি অস্ত্রের ব্যবহার করতেন না বলে জানান। ভয় দেখানোর জন্যই অস্ত্র প্রদর্শন করতেন তিনি। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ট্যাগ: অপরাধ, চট্টগ্রাম, রাউজান, কিশোর গ্যাং, গ্রেপ্তার
স্ল্যাগ: রাউজানের-কিশোর-গ্যাং-নেতা-গ্রেপ্তার












