দুই হাত বাঁধা, গলায় ফাঁস। সেই অবস্থায় গাছে ঝুলছিল যুবকের লাশ। নির্জন ওই এলাকার মানুষজন বলতে পারেননি কীভাবে ওই যুবকের মৃত্যু হলো। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ‘এসপির ভিটা’ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নুরুল আবছার (২৫)। তিনি ওই এলাকার আবদুর রহিমের ছেলে এবং পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ এবং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে একজন পথচারী ওই নির্জন স্থানে গাছে লাশটি ঝুলতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। পরে চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারকালীন সময়ে নিহতের দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, গাছে থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












