রাউজানের সেই বুলেট গ্রেপ্তার

টেবিলে অস্ত্র সাজিয়ে ভিডিও

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ও হুমকি দিচ্ছিলেন এক ব্যক্তি। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে বুলেট। রাউজান থানাধীন বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। গত ৯ নভেম্বর নোয়াখালী জেলার কবিরহাট থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশ জানায়, একাধিক অস্ত্র প্রদর্শন করে এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে উদ্দেশ্যে করে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন–এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে নেওয়া হয়। এরপর সেই ব্যক্তি ও তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনি ধরা পড়েন। তার নাম মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে বুলেট। তিনি এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত বছরের ৩০ অক্টোবর র‌্যাব ওই কামালকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। পরবর্তীতে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও সংশ্লিষ্ট অস্ত্রভাণ্ডার থেকে অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন আরও জানান, তিনি বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করে আসছেন। পরবর্তীতে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করতেন। অর্থাৎ, সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার না করেও অস্ত্রের ছবি–ভিডিও ও হুমকিমূলক অডিওকে আতঙ্ক সৃষ্টি এবং চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। জেলা পুলিশ থেকে জানানো হয়, বুলেটের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতিসংক্রান্ত দুটি মামলা রয়েছে। অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ও হুমকির ঘটনায়ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ৬৪ দলিল এক দিনে রেজিস্ট্রি, সাময়িক বরখাস্ত সাবরেজিস্ট্রার