চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের খুটাখালীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক হলেন খুলাখালী এলাকার মিজানুর রহমানের ছেলে মোহাম্মদ রণি (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে খুটাখালী স্টেশন থেকে বাড়ি ফেরার সময় সৌদিয়া বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী রণি।
মহাসড়কের ডুলাহাজারা মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সেলিম মিয়া জানান, খুটাখালীতে দুর্ঘটনায় পতিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।











