ফটিকছড়িতে যুবককে ছুরিকাঘাত, লাইভে বাঁচার আকুতি

আজাদী অনলাইন ডেস্ক | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১২:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে জনসমাগমপূর্ণ এলাকায় এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় ওই যুবক নিজের ফেসবুক পেজে লাইভে এসে বাঁচার আকুতি জানান।

আজ শুক্রবার দুপুরে উপজেলার বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. বেলাল উদ্দিন। তিনি ‘ফটিকছড়ি সংলাপ’ নামে একটি ফেসবুক পেজের অ্যাডমিন।

এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আলম নামে একজনকে আটক করেছে পুলিশ।

রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানিয়ে বেলাল উদ্দিন অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ফটিকছড়ি উত্তর রাঙ্গামাটিয়া এলাকার কসাই শামসু নামের এক ব্যক্তির ভাই তাঁকে ছুরিকাঘাত করেছেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, আহত বেলাল উদ্দিনের চিকিৎসা চলছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনায় জড়িত সন্দেহে পৌরসভার রাঙ্গামাটিয়া এলাকার মোহাম্মদ আলমকে আটক করা হয়েছে।

তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু ছুরিকাঘাত করার অধিকার কারও নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধএক কক্ষে দুই জমজ কন্যাশিশু, অন্য কক্ষে ঝুলছিল বাবার লাশ