রাউজানে এক মাদরাসা অধ্যক্ষকে ফোন করে ‘মোটা অংকের’ টাকা চাওয়া হয়েছে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও অভিযোগ করেছেন ওই অধ্যক্ষ। ইলিয়াছ নূরী নামে ওই অধ্যক্ষকে ফোনে হুমকি দিয়ে বলা হয়, ‘চাঁদা না দিলে আপনাকে মেরে ফেলব।’
এ বিষয়ে বৃহস্পতিবার রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ নূরী (৫৮)। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রয়াত ওহাব মিয়া সওদাগরের ছেলে।
রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে মোমবাতি প্রতীকে নির্বাচন করেছিলেন।
অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ০১৩৫০–৫৬৫৩০৯ নম্বর থেকে অধ্যক্ষ ইলিয়াছ নূরীর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল আসে। পরবর্তীতে কল ব্যাক করলে অপর প্রান্ত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি রিসিভ করে কোনো ভূমিকা ছাড়াই বলেন, ‘পোলাপাইনদের পরিচালনা করার জন্য মোটা অংকের টাকা দরকার।’
অভিযোগে আরও উল্লেখ করা হয়, দুর্বৃত্তরা বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই দাবিকৃত টাকা পরিশোধের আল্টিমেটাম দেয়। অন্যথায় তাকে হত্যা করাসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। এরপর ওই নম্বরটি থেকে বারবার ফোন করে তাকে মানসিকভাবে হয়রানি করা হচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগী অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ নূরী বলেন, ‘আমাকে ফোন করে মোটা অংকের টাকা দাবি করা হয়েছে। তবে টাকার নির্দিষ্ট অংক বলেনি। তাদেরকে চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।’ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে তিনি জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা যাচাই–বাছাইসহ তদন্ত সাপেক্ষ প্রয়োজনী আইনগত ব্যবস্থা নিবো।










